২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপ্তাহিক ছুটি বদলাতে ব্যবসায়ীদের উদ্যোগ

‘অর্থনৈতিক দুর্যোগ’ এড়াতে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পরিবর্তে শনি ও রোববার করতেই বৃহস্পতিবার ব্যস্ত ছিলেন দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

সরকার যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে ব্যবসায়িক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য তারা ব্যাংক শাখাসমূহ বিশেষকরে সরাসরি বৈদেশিক বাণিজ্য, বন্দর, কাস্টমস ও শুল্ক কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক এবং মৎস্য মন্ত্রণালয়ের পরিদর্শন বিভাগ খোলা রাখার অনুরোধ জানাতে চান।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতির চালিকা শক্তি যেহেতু রপ্তানি, তাই বিশ্বের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশেও সাপ্তাহিক ছুটি রোববার করা উচিত।

তারা আগামী দুই মাসের মধ্যে সরকারের পক্ষ থেকে অর্থনীতির ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির প্রভাব বিষয়ে একটি জরিপ করারও দাবি জানান।

এ ব্যাপারে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বৃহস্পতিবার সকালে বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এদিকে বিকেলে এফবিসিসিআই’র এক জরুরী বৈঠকে ফেডারেশনের সভাপতি নাসির হোসেন সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।