অপটিক্যাল লিংক প্রকল্পের ক্রয় প্রস্তাব মন্ত্রী পরিষদে অনুমোদিত
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ১৬০কিমি দীর্ঘ অপটিক্যাল লিংক স্থাপন করতে বহুল আলোচিত ক্রয় প্রস্তাবনা সোমবার ক্রয় সংক্রান্ত মন্ত্রী পরিষদ কমিটির অনুমোদন পেয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সভার সভাপতিত্ব করেন। সভায় কমিটির সদস্য ও মন্ত্রীবর্গ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইতিমধ্যেই আমরা সাবমেরিন ক্যাবল ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে রয়েছি।
এছাড়াও সভায় ২৫ দশমিক ৪৯ কোটি টাকা ব্যায়ে চট্টগ্রাম, খুলনা এবং সিলেট বিভাগের ডিজিটাল টেলিফোন স্থাপন প্রকল্প, চট্টগ্রামে একটি পানি শোধনাগার প্লান্ট স্থাপন প্রকল্প এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় জরুরি ক্ষতি পুনর্বাসন সহায়তা প্রকল্পের বিদেশী কনসালট্যান্ট নিয়োগ অনুমোদন পায়।
মন্ত্রী বলেন, অপটিক্যাল লিংক স্থাপনে প্রথম দফায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ত্রুটিপূর্ণভাবে দরপত্র বাছাইয়ের কারণে আমরা পুনরায় এ দরপত্র আহ্বানের নির্দেশ দেই।
তিনি সাংবাদিকদের জানান, আগের দরপত্র বাদ দিয়ে নতুন দরপত্র নেওয়ায় আমাদের ২২কোটি টাকা সাশ্রয় হচ্ছে।
চট্টগ্রাম-কক্সবাজার অপটিক্যাল লিংক স্থাপনে ক্রয় প্রস্তাবনাটি অনিয়মের অভিযোগে কেবিনেট কমিটি থেকে কয়েকবার ফেরত পাঠান হয়েছিল।
টিএন্ডটি মন্ত্রণালয়ের সচিব হাসান মনসুর বলেন, প্রকল্প ব্যয় হচ্ছে ২৮ দশমিক ৪১ কোটি টাকা এবং আশা করছি চলতি বছরের ডিসেম্বর মাস নাগাত আমরা সাব মেরিন ক্যাবলটি চালু করতে পারব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলেই আমরা ওয়ার্ক ওয়ার্ডারটি ইস্যু করব।
তিনি আরও জানান, একটি কারিগরি কমিটি দরপত্রগুলো তথ্যদি যাচাই বাছাই করে সাতটি দরপত্রের মধ্যে সর্বনিম্ন দরপত্র দাতা হিসেবে তুরস্কের হিজফাইবেলকে গ্রহণযোগ্য মনে করেছে এবং সে মোতাবেক তারই কাজটি পেয়েছে। প্রকল্পের যন্ত্রাংশ সরবরাহ করবে কানাডার নরটেল নামের একটি কোম্পানি।
