২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ সেপ্টেম্বর থেকে শেরাটনে জাপান ট্রেড ফেয়ার শুরু হচ্ছে

জাপান-বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র উদ্যোগে (জেবিসিসিআই) আগামী ৮ সেপ্টেম্বর থেকে ঢাকার শেরাটন হোটেলে শুরু হচ্ছে তিনদিনব্যাপি ‘জাপান ট্রেড ফেয়ার ২০০৫’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

জাপান দূতবাস এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) যৌথ সহযোগিতায় এ মেলা আয়োজন করা হচ্ছে। জেবিসিসিআই সভাপতি মতিউর রহমান সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি জানান, ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় তিনদিনব্যাপি এ বাণিজ্য মেলায় ৪০টি ব্যবসায়িক ও সেবামূলক সংস্থা ৮৬টি স্টলে তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করবে। এ মেলা প্রতিদিন সকাল দশটা থেকে আটটা পর্যন্ত চলবে।

তিনি আরও জানান, আগামীতে বিদ্যুৎ খাতে জাপানি কোম্পানির বড় ধরণের বিনিয়োগ হবে।

শেরাটন হোটেলে সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেবিসিসিআই’র সহ সভাপতি হিডো ইউমা ও আবদুল হক, জাপানিজ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোশিয়েশন ইন ঢাকা (সো-কো-কাই) সাধারণ সম্পাদক সাতারো নিশহিকাওয়া, জাপানী দূতাবাসের কাউন্সিলর মাসাহিকো কাইয়া ও অটোসের ড. এ কে এম মোয়াজেম হোসেন।

এ প্রশ্নের উত্তরে চামড়া ও জুতার উদাহরণ দিয়ে সাতারো নিশহিকাওয়া বলেন, কিছু ক্ষেত্রে বাংলাদেশ চীনের তুলনায় তুলনামূলক অধিক সুবিধা পায়।

তিনি বলেন, দু’দেশের বাণিজ্য বাড়াতে জেটরো বিশেষ ভুমিকা নিচ্ছে।

মাসাহিকো কাইয়া বলেন, বিভিন্ন দেশে জাপানী বিনিয়োগের ওপর নির্ভর করে ঐ দেশের সঙ্গে বাণিজ্য নিধার্রিত হয়। বাংলাদেশে জাপানি কোম্পানির বিনিয়োগ বাড়লে বাণিজ্য বৃদ্ধি পাবে।

এ মেলায় অটোমোবাইল, শিল্পের যন্ত্রপাতি, ইলেক্ট্রনিকস, আইটি হার্ডওয়্যার ও গৃহস্থ জিনিষপত্র প্রদর্শন করা হবে।

৮ সেপ্টেম্বর দুপুরে জেবিসিসিআই ও জাপানিজ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোশিয়েশন ইন ঢাকা (সো-কো-কাই) উদ্যোগে জাপান বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে ‘বাংলাদেশে জাপানী বিনিয়োগ ও ওডিএের প্রভাব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর দুপুরে জাপান দূতাবাস শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করবে।

২০০৪ সালের জুন মাসে জেবিসিসিআই গঠিত হয়। জেটরো’র উদ্যোগে বাংলাদেশে ২০০৪ সালে প্রথমবারের মতো ঢাকায় জাপান বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলায় প্রায় ১৬ হাজার দর্শক প্রদর্শনীতে এসেছিলেন। ২০০৪ সালের মেলায় ১৬ কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়।

বাংলাদেশে ২০০৪-০৫ সালে জাপানি বিনিয়োগের পরিমান ছিল ১৬,০১৬ হাজার মার্কিন ডলার। এই বিনিয়োগের পরিমান ২০০৩-০৪ সালের মোট বিনিয়োগের চেয়ে প্রায় দ্বিগুন।

২০০৪ অর্থবছর পর্যন্ত বাংলাদেশে জাপানের ক্রমপুঞ্জিত ঋনের পরিমান ৫৭৩ বিলিয়ন ইয়েন, অনুদানের পরিমান ৪৫২ বিলিয়ন ইয়েন ও কারিগরি সহায়তার পরিমান ৪৬ বিলিয়ন ইয়েন। সম্প্রতি জাপান বাংলাদেশে ১৯৮৮ সাল পর্যন্ত দেয় ১৫৮ বিলিয়ন ইয়েন ঋণের অর্থ মওকুফ করেছে।