জ্বালানি তেল ব্যবহার হ্রাসে সরকারের কার্যকর উদ্যোগ নেই
জ্বালানি তেলের দাম দফায় দফায় বাড়লেও তেলের ব্যবহার হ্রাস করাসহ বিকল্প জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেই। জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এমন কি এ নিয়ে নেই সরকারের নিজেস্ব কোনো অর্থায়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
এদিকে মন্ত্রণালয় আগামী ছয় মাসের মধ্যে তেল ব্যবহার হ্রাসের পদ্ধতি বের করার জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। ফলে তেল ব্যবহার হ্রাসে সরকারের পূর্বতন ঘোষিত নীতিগুলোও এখন আর কার্যকর থাকছে না।
জানা যায়, বাজেট প্রণয়নের আগে অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান ঘোষণা দেন সেপ্টেম্বর থেকে সরকার আর পেট্রোল খরচের মূল্য পরিশোধ করবে না। অন্যদিকে পেট্রোবাংলার পক্ষে থেকে পাঁচ মাস আগে সরকারের কাছে প্রস্তাব করা হয়, পেট্রোলের ব্যবহার তুলে দিয়ে অকটেন ও সিএনজি ব্যবহার চালু করতে।
কিন্তু চলতি সেপ্টেম্বর মাসে সরকারের এসব প্রচেষ্টার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এ বছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাঁড়ায় ৫০ ডলারে। ফলে গত অর্থবছরের প্রাক্কলিত জ্বালানি আমদানি ব্যয় অপেক্ষা ৫৫ কোটি ডলার অতিরিক্ত অর্থসংস্থান করতে হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ৭১ ডলারে দাঁড়িয়েছে। ফলে চলতি অর্থবছরের বাজেট প্রণয়নের সময় তেলের মূল্য ৫০ ডলার ধরে হিসাব প্রণয়ন করলেও এখন সরকার বাড়তি অর্থসংস্থানে অনুন্নয়ন ব্যয়ের ১০ শতাংশ কমানোর প্রচেষ্টা নিয়েছে। জ্বালানি তেলের অর্থসংস্থানে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও এর ব্যবহার হ্রাসে কোনো ভুমিকা নিচ্ছে না।
বেসরকারি সিএনজি রূপান্তর প্রতিষ্ঠান সূত্র জানায়, চলতি বছরে শুরুতে জ্বালানি তেলের দাম বাড়াতে বেসরকারি পর্যায়ে গাড়ী সিএনজিতে রূপান্তর ব্যাপকভাবে বৃদ্ধি পায়। যদিও চলতি বছরই সিলিন্ডারের দাম চারবার বৃদ্ধি পায়। একই সঙ্গে অন্যান্য যন্ত্রাংশের দাম বাড়ায় সিএনজি রূপান্তর খরচও কিছুটা বেড়েছে। ফলে বছরের শুরুতে যে গতিতে সিএনজি রূপান্তরিত হয়েছিল এখন তা খানিকাটা হ্রাস পেয়েছে।
গুলশানে অবস্থিত সিএনজি রূপান্তরকারী একটি প্রতিষ্টান থেকে জানা যায়, এখন আধা সরকারি প্রতিষ্ঠানের বেশকিছু গাড়ী বেসরকারি প্রতিষ্ঠানগুলো রূপান্তর করছে। তবে সরকারের চাপ না থাকায় সরকারি গাড়ীগুলো রূপান্তরিত হচ্ছে না।
সূত্র জানায়, দেশে বর্তমানে ১০০টিরও বেশি সিএনজি ফিলিং স্টেশন স্থাপিত হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে ইতিমধ্যে প্রায় ৪০ হাজার গাড়ী সিএনজিতে রূপান্তরিত হয়েছে।
এদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট’র (ব্লাস্ট) রীট আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ ২০০২ সালে ২৭ মার্চে সরকারকে নির্দেশ দেয়, ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রেট্রোল ও ডিজেল চালিত ঢাকার সকল সরকারি যানবাহনগুলোকে সিএনজিতে রূপান্তর করার জন্য। এরপর থেকে সরকার বারবার এই সময় বাড়ানোর দাবি করে আসছে।
এ বিষয়ে বেলার আইনবিদ ইকবাল কবির বিডিনিউজকে জানান, এ বছরে মার্চ মাসে সরকার আবারো নতুন সময়ের জন্য আবেদন করলে আদালত সময় না বাড়িয়ে অন্যান্য নিদের্শনার সঙ্গে জানতে চান, সরকারি সকল যানবাহন সিএনজিতে রূপান্তরে কত সময়ের প্রয়োজন?
অ্যাডভোকেট ইকবাল জানান, আদালতের পরবর্তী কার্যদিবসে সরকার এ বিষয়ে জবাব দেবে। পরে এরই ভিত্তিতে আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
জানা গেছে, এ পর্যন্ত ঢাকার মোট সরকারি গাড়ীর মাত্র ২০ শতাংশের কম গাড়ী সিএনজিতে রূপ্তান্তরিত হয়েছে। অথচ সরকার এ অর্থবছরের জ্বালানি তেল খরচের অর্থ দিয়ে একই সঙ্গে সিএনজিতে রূপান্তর ও তার ব্যয় সম্পন্ন করতে পারে। একই সঙ্গে সাশ্রয় ঘটে বিপুল বৈদেশিক মুদ্রার ও পরিবহন খাতে অপব্যয়।
জানা যায়, এডিবির অর্থায়নে ’ঢাকা ক্লিন ফুয়েল প্রজেক্ট’ ছাড়া বিকল্প জ্বালানি ব্যবহারে সরকার এখনো কোনো অর্থায়ন করছে না। যদিও সরকার আমদানি ব্যয় ও অনুন্নয়ন ব্যয় কমানো মাধ্যমে তেল আমদানির জন্য বাড়িত অর্থায়নের জন্য সচেষ্ট। কিন্তু সরকার বিকল্প জ্বালানি সিএনজিতে অর্থায়নের মাধ্যমে তেল খাতে অধিক বৈদেশিক মুদ্রার ব্যয় বন্ধ করার কোনো প্রচেষ্টা গ্রহণ করছে না।
