২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব সংস্কার পর্যবেক্ষণে রোববার আইএমএফ মিশনের বৈঠক

রাজস্ব সংস্কারের অগ্রগতি পর্যালোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত ছয় সদস্য রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে আলোচনায় বসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আইএমএফ উপদেষ্টা থমাস রামবাউগ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। নয়দিনের সফরে আসা আইএমএফ কর্মকর্তারা শনিবার জানান, প্রতিনিধি দল পর্যাপ্ত এবং দক্ষ জনশক্তি, আধুনিক প্রযুক্তিসহ রাজস্ব খাতের সংষ্কার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করবে।

এনবিআর’র আধুনিকীকরণের ওপর গুরুত্বারোপ করে আইএমএফ’র এক কর্মকর্তা জানান, বিশ্বব্যাংকের সহায়তায় চলতি বছর এনবিআর-এ উন্নয়নের জন্য একটি  কৌশলগত পরিকল্পনা নেয়া হয়েছে। সফররত আইএমএফ প্রতিনিধি দল সম্ভবত পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করবে।

আইএমএফ প্রতিনিধি দল রাজস্ব বৃদ্ধিতে কর প্রশাসন সংস্কারের ওপর অগ্রাধিকার দেবে। এছাড়াও বাণিজ্য সংষ্কারসহ বিনিয়োগের স্বাধীনতা, অর্থ বছরের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের জন্য রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানসহ জ্বালানি খাতের উন্নয়নের ওপর প্রাধান্য দেবে।

পিআরজিএফ এর আওতায় চতুর্থ কিস্তির সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করছে রাজস্ব খাতের সংস্কার এবং রাষ্ট্র পরিচালিত রূপালী ব্যাঙ্কের বেসরকারিকরণের ওপর।

স্বল্প আয়ের দেশগুলোর জন্য পিআরজিএফ হচ্ছে আইএমএফ’র কনসেশনাল সুবিধা। রাষ্ট্রীয় মালিকানাধীন দারিদ্র্য নিরসন কৌশলের ওপর ভিত্তি করে পিআরজিএফ সহায়তা কর্মসূচি নেয়া হয়। অন্যদিকে, বার্ষিক শূন্য দশমিক ৫ শতাংশ সুদ হারে ১০ বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। সাড়ে পাঁচ বছর ঋণের গ্রেস পিরিয়ড হিসেবে ধরা হয়েছে।  

এর আগে ২০০৩ সালেল ২০ জুন আইএমএফ’র নির্বাহী বোর্ড বাংলাদেশের জন্য তিন বছরের পিআরজিএফ অ্যারেঞ্জমেন্ট (৫০৭ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার) অনুমোদন করে। এছাড়াও ২০০৪ সালের ২৮ জুলাই টিআইএম কার্যকর সংক্রান্ত বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে সংস্থাটি প্রায় ৭৮ মিলিয়ন ডলারের পিআরজিএফ অনুমোদন করে।

অর্থাৎ সর্বমোট পিআরজিএফ অ্যারেঞ্জমন্ট বেড়ে দাঁড়ায় প্রায় ৫৮৫ দমমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার। অ্যারেঞ্জমেন্টের আওতায় এ পর্যন্ত বাংলাদেশ উত্তোলন করেছে প্রায় ২১৭ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার।