২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী অবকাঠামো উন্নয়নের ফলে মৎস্য ও পশুসম্পদ খাতে ৭৮ শতাংশ আয় বেড়েছে

পল্লী অবকাঠামো উন্নয়নের ফলে সম্প্রতি গৃহস্থালী খাতে ৩৩ শতাংশ, কৃষি খাতে ২৪ শতাংশ এবং মৎস্য ও পশুসম্পদ খাতে ৭৮ শতাংশ আয় বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 03:37 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

শনিবার ঢাকায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত দুদিন ব্যাপি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।

এলজিইডি মিলনায়তনে ‘বাংলাদেশে টেকসই পল্লী উন্নয়ন’ শীর্ষক এ সেমিনারের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া। সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী শহীদুল হাসান।

আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক শরফুল আলম, বাংলাদেশে জাপান দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স হিদেতোশি উকিতা, জাইকার আবাসিক প্রতিনিধি আকিও আরাই, এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদুর রহমান এবং পল্লী উন্নয়ন প্রকৌশল কেন্দ্রের (আরডিইসি) দলনেতা কানিজো তাকিউচি।

সেমিনারে বলা হয়, বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ মানুষই গ্রামাঞ্চলে বসবাস করেন। দেশের অর্থনীতির প্রায় ৩০ শতাংশ গ্রাম থেকেই আসে। তাই সরকার গ্রামীণ অবকাঠামো ও পল্লী অঞ্চলের টেকসই উন্নয়নে জোর দিচ্ছে।

সড়ক, স্থাপনা ও বাজারের মতো অবকাঠামো, সেচভিত্তিক কৃষি, ড্রেন নির্মাণ ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম, পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের জন্য উৎপাদন ও কর্মসংস্থানের ব্যবস্থার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এতে আরো বলা হয়, এসব খাতে উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়ায় কৃষি খাতে সারের দাম কমেছে ১৪ শতাংশ এবং কৃষি শ্রমিকদের মজুরী বেড়েছে প্রায় ১২ শতাংশ। শিক্ষা খাতে স্কুল না যাওয়া শিশুর সংখ্যা কমে মাত্র ১৬ শতাংশে নেমেছে। এতে স্বাস্থ্য খাতেও ব্যাপক উন্নতি হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মান্নান ভূঁইয়া বলেন, দেশে এখনো প্রায় ৪০ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এদের বেশিরভাগই থাকে পল্লী অঞ্চলে। এ জন্য সরকার পল্লী অঞ্চলে অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে।

জাপানী চার্জ দি অ্যাফেয়ার্স হিদেতোশি উকিতা বাংলাদেশের পল্লী অবকাঠামো উন্নয়নে তার দেশের অব্যাহত সাহায্যের আশ্বাস দেন।