২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহী

পাকিস্তান সরকার তাদের অর্থনীতির জন্য বেশ কিছু উদারীকরণের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগের নতুন সম্ভবনা দেখা দিয়েছে। বিশেষত চামড়া,বস্ত্র, ফার্মাসিউটিক্যাল এবং খেলার সামগ্রী তৈরি শিল্প খাতে এ সম্ভাবনা ব্যাপক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বেক্সিমকো, একমি ল্যাবরেটরিজ এবং স্কয়ারের মত স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইতোমধ্যে পাকিস্তানে তাদের প্লান্টে কার্যক্রম শুরু করেছে বলে শুক্রবার পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তা জানান।

এই কর্মকর্তা আরো জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লাহোরে ও একমি ল্যাবরেটরিজ করাচিতে তাদের কারখানা স্থাপন করেছে। এদিকে স্থানীয় হানিম্যান কোম্পানি পাকিস্তানে টেক্সটাইল ও সিরামিক কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, পাকিস্তান থেকে শীর্ষস্থানীয় ব্যবসায়ি প্রতিনিধি দল শীঘ্রই ঢাকায় আসছে। প্রতিনিধি দল বাংলাদেশে ট্রেক্সাইল শিল্প স্থাপনে দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা করবে।

অন্যদিকে পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য সচিব রুবিনা তৌফিক শাহ জানান, পাকিস্তান বাংলাদেশ থেকে বৈদেশিক বিনিয়োগ বড়ানোর উদ্যোগ গ্রহন করেছে।

পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, বিনিয়োগের নতুন স্কীমের অন্যতম লক্ষ্য হলো, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সঙ্গে সঙ্গে আধুনিক প্লান্ট এবং যন্ত্রপাতি স্থাপন করা।

পাকিস্তান গত তিন বছর ধরে বিনিয়োগ ও শিল্প স্থাপনে প্রতিযোগিতামূলক অবস্থান উন্নত করার উদ্যোগ নিয়েছে। সরকার ইতোমধ্যে শিল্পের কাঁচামালের আমদানি শুল্ক ৫ থেকে ১০ শতাংশ হ্রাস করেছে।

পাকিস্তান রপ্তানি উন্নয়ন ব্যুরো আর্থিক সহায়তা প্রস্তাবসহ যৌথ বিনিয়োগ ও বিনিয়োগের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করছে।

বানিজ্য সচিব জানান, বৈদেশিক বিনিয়োগ উন্মুক্তকরণ ও স্থিতিশীল বাণিজ্য নীতি কার্যকর করায় বর্তমানে বৈদেশিক রির্জাভের পরিমান দাঁড়িয়েছে ১২ বিলিয়ন ডলার।

দু'দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য পাকিস্তানের পক্ষে। ২০০৩-০৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৫ মিলিয়ন ডলারের পন্য পাকিস্তান আমদানি করে। অন্যদিকে এ সময়ে বাংলদেশে পাকিস্তানের পন্য রপ্তানি হয় ১৯৫ মিলিয়ন ডলার।