২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ-চীন টেক্সটাইল যোগাযোগ কমিটি’র অগ্রগতি পর্যবেক্ষণে বিটিএমএ চেয়ারম্যান চীনে যাচ্ছেন

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) চেয়ারম্যান এমএ আওয়াল ‘বাংলাদেশ-চীন টেক্সটাইল যোগাযোগ কমিটি’ বিষয়ক চুক্তির অগ্রগতি পর্যবেক্ষনে এক সপ্তাহের সফরে আগামী ৫ সেপ্টেম্বর চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সফরকালে তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী বিভিন্ন কারিগরি জ্ঞানের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বলে জানান। এ সময়ে চীনের সহায়তায় বাংলাদেশে হোম টেক্সটাইল ও ম্যান মেইড পলিয়েস্টার ফাইবার কারখানা স্থাপনের সম্ভাবনাও যাচাই করে দেখবেন। 

বাংলাদেশ সরকার ইতোমধ্যেই রাজধানী ঢাকার বাইরে একটি কেন্দ্রীয় ইটিপি (এফ্লুুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) সহযোগে একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এ সম্পর্কে ধারণা নিতে তিনি চীন সফরকালে চার থেকে পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘুরে দেখবেন।

তিনি বলেন, টেক্সটাইল কারিগরির দিক থেকে চীন এক নম্বরের দিকে এগিয়ে যাচ্ছে। তাই এ সব— ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিভাবে কাজ করে, সে সম্পর্কে আমাদের জানা দরকার। 

আগস্টের ১৮ তারিখে গ্রেট হলে চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব টেক্সটাইলের (সিসিসিটি) চেয়ারম্যানের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে ‘বাংলাদেশ-চীন টেক্সটাইল যোগাযোগ কমিটি’ প্রতিষ্ঠিত হয়।

চলতি বছরের ২১ মে ঢাকায় বাংলাদেশ-চীন টেক্সটাইল যোগাযোগ কমিটি গঠনের জন্য বাংলাদেশ ও চীনের উদ্যোক্তাদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ফল স্বরূপ এই চুক্তি স্বাক্ষরিত হয়।

টেক্সটাইল খাত হলো বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি আয়ের খাত। বার্ষিক রপ্তানি আয়ের শতকরা ৭৬ শতাংশই আয় হয় এই খাত থেকে। ২০০২-০৩ সালে আরএমজি খাত থেকে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০০৩-০৪ সালে তা বেড়ে ৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, চায়না ন্যাশনাল টেক্সটাইল এন্ড অ্যাপারেল  কাাউন্সিলের হিসাব মতে, গত বছর চীনের মোট রপ্তানির পরিমান ছিল ৯৭ দশমিক ৪ বিলিয়ন মর্কিন ডলার।