১ বিলিয়ন ডলার বিনিয়োগে সরকারের সাথে আবুধাবি গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মধ্যপ্রাচ্যের বৃহৎ কোম্পানি আবুধাবি গ্রুপ বাংলাদেশে টেলিফোন, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও ওষুধ খাতে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে বৃহস্পতিবার সরকারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ভারতের টাটা গ্রুপ, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ভালকান এনার্জি ইন্টারন্যাশনাল (ডিভিইআই) ও দক্ষিণ কোরিয়ার লুক্সন গ্লোবাল কোম্পানির পর এটি একক কোনও ব্যবসায়িক গ্রুপের চতুর্থ বৃহৎ বিনিয়োগ প্রস্তাব। উল্লেখিত সব ক’টি প্রতিষ্ঠানের সাথেই এ বছর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আবুধাবি কনর্সোটিয়ামের পক্ষে এর সদস্য ওমর জেড আল আসকারি ও বাংলাদেশের পক্ষে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সংযুক্ত আরব আমিরাতের শিক্ষামন্ত্রী ও আবুধাবি গ্রুপের চেয়ারম্যান শেখ নাহিয়ান মোবারক আল নাহিয়ান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেখ নাহিয়ান বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে। তিনি বলেন, প্রথম পর্যায়ে তার গ্রুপ চারটি খাতে বিনিয়োগ করবে। তবে পরবর্তীতে অন্যান্য খাতেও বিনিয়োগ করা হবে বলে তিনি জানান।
পররাষ্ট্র এম মোরশেদ খান বলেন, আবুধাবি গ্রুপ বাংলাদেশের চলমান অগ্রগতিতে অংশীদার হতে চায়। তিনি বলেন, তাদের সাথে আমাদের চমৎকার আলোচনা হয়েছে এবং এ বিনিয়োগে উভয় পক্ষই লাভবান হবে।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, এ সমঝোতা স্মারক প্রমান করে বিদেশীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই ভাল।
আবুধাবি গ্রুপ বিদ্যুৎ খাতেও বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি জানান।
