২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এদেশ থেকে আরো রপ্তানি বাড়াতে ইসির বিদায়ী রাষ্ট্রদূতের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ থেকে আরো বেশী করে তৈরী পোষাক, চামড়াজাত পণ্য, সিরামিকস, ফার্মাসিউটিক্যালস ও পাটজাত পণ্য আমদানির জন্য ইউরোপীয় কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 06:02 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বাংলাদেশে নিযুক্ত ইসির বিদায়ী রাষ্ট্রদূত ইসকো কেন্টশেনস্কি বুধবার প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।

কেন্টশেনস্কি তার দায়িত্বকালে গত সাড়ে তিন বছরে প্রাথমিক ও নারী শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য খাতে ইসির অংশ গ্রহণ এবং এ সব খাতের সাফল্যর কথা উল্লেখ করেন।

তিনি একই সঙ্গে ওই সময়ে এদেশের ক্ষুদ্র ঋণের প্রশংসা করেন ।

রাষ্ট্রদূত বাংলাদেশের দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি), পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইসির অংশগ্রহণ এবং এতে প্রধানমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা করেন।

তিনি প্রধানমন্ত্রীকে জানান, দুর্নীতিমুক্ত দেশ গঠনে স্বাধীন দুর্নীতি দমন কমিশন, এনজিও কমিশন, টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন এবং কর ন্যায়পাল নিয়োগের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গত ১৭ আগস্ট সারাদেশে বোমা বিস্ফোরণের পর সরকারের গৃহিত পদক্ষেপ এবং এ সংক্রান্ত অগ্রগতির প্রশংসা করেন রাষ্ট্রদূত।

তিনি আশা করেন, বাংলাদেশ সরকার অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারবে।

দ্বি পক্ষীয় আলাপচারিতায় ইসির দেশসমূহে বাংলাদেশের রপ্তানি বাজার এবং ইসির সঙ্গে বানিজ্য বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে ইসির প্রেসিডেন্ট মেনুয়েল ডুরারারোসেকে ধন্যবাদ জানান ।