২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ টাকার নোট বাজারে আসছে ৫০০ টাকার জাল নোট হয়ে

একশ’ টাকার নোটের মূদ্রণ কারচুপি করে বাজারে দেদারছে ৫শ’ টাকার জাল নোট ছাড়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

 ১০০ টাকা ও ৫০০ টাকার নোটের আকৃতি একই রকম হওয়ায় নোট জালিয়াতরা এই সুযোগ নিচ্ছে।

মঙ্গলবার অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় বলা হয়, নোট জালিয়াত চক্রের কারণে সাধারন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের ভোগান্তি বাড়ছে।

সভা সূত্র জানায়, এ সমস্যা সমাধানে শিগগিরই বিভিন্ন মূল্যমানের নোট ভিন্ন ভিন্ন আকারে বাজারে ছাড়ার বিষযে সভায় সিদ্ধান্ত হয়। সরকার এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত এক প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছে।

সভাসূত্র জানায়, সভায় কমিটির সদস্যরা রংপুর, সাতক্ষীরা, ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় জাল টাকা বিস্তারের বিষয়ে আশংকা প্রকাশ করেন। জাতীয় পার্টির (এরশাদ) সাংসদ মশিউর রহমান রাংগা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এরকম একটি জাল টাকার নোট হস্তান্তর করেন।

কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অর্থ প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসাইন, মোহাম্মদ ছায়েদুল হক, এএম রিয়াছাত আলী বিশ্বাস, আজিজুর রহমান চৌধুরী, গাজী মো. শাজাহান, হাবিবুল ইসলাম হাবিব এবং আব্দুল মালেক উপস্থিত ছিলেন।