২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘১,৪০০ কোটি টাকা সুদ মওকুফ করলে রপ্তানি আয় বাড়বে ৩ বিলিয়ন ডলার’

দেশের ১,৯০০ রুগ্ন গার্মেন্টস কারখানা পুনরায় চালু করতে এসব শিল্প কারখানার মালিকরা যে ৬০০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছিল, তার বিপরীতে হওয়া ১৪০০ কোটি টাকা সুদ মওকুফের সুপারিশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

দেশের জাতীয় অর্থনীতিতে প্রতিবছর রপ্তানি খাত থেকে অতিরিক্ত তিন বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যে বৃহস্পতিবার প্রকাশিত বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, রুগ্ন কারখানা প্রধানত ঢাকা ও চট্টগ্রামের কারখানাগুলো পুনরায় চালু করতে সরকার সাহায্য করলে দেশের ছয় থেকে নয় লাখ লোক চাকরির সুযোগ পাবে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাণ্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক বৃহস্পতিবার ‘রুগ্ন শিল্প চালুকরণ’ শীর্ষক প্রতিবেদনটি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলুর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

নগরীর কারওয়ান বাজারে অবস্থিত বিটিএমসি ভবনে বিজিএমইএ’র সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবেদন হস্তান্তর করা হয়। এসময় বাণিজ্য সচিব ফারুক আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

রুগ্ন গার্মেন্টস কারখানা পুনরায় চালু করার জন্য ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় এর যুগ্ম সচিব মোহাম্মদ গোলাম হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিচালক সৈয়দ মবিনুল হক, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নব গোপাল বণিক, ইপিবি’র (টেক্সটাইল) মহাপরিচালক মোস্তফা মহিউদ্দিন, বিজিএমইএ পরিচালক গোলাম সারওয়ার মিলন এবং বিএসএসি সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু কারখানা সময়মত অর্ডারের মাল সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় অর্ডার বাতিল হয়ে গেছে। এর ফলে কারখানাগুলো বিপুল ক্ষতির সম্মুখীন হয় এবং ব্যাংক ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পায়।

এছাড়া ব্যাক টু ব্যাক ঋণপত্র (এলসি) খুলতে বিলম্ব, সময়মত প্রি-শিপমেন্ট ক্রেডিট প্রদান না করার কারণেও ব্যাংক ঋণের পরিমাণ বেড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ঋণের সুদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পর এসব কারখানার জন্য নতুন যন্ত্রপাতি ও কমপ্লায়েন্স প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রায় ১,৬৯১ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।

গার্মেন্টস পণ্য রপ্তানি করে বাংলাদেশ ২০০৩-০৪ অর্থবছরে ৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। অন্যদিকে ২০০২-০৩ সালে পণ্য রপ্তানিতে এ খাত থেকে আয় হয় ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার।