নামা’র আওতায় শুল্ক হ্রাসে দেশের নিটওয়্যার রপ্তানি ঝুঁকির সম্মুখীন হতে পারে
কোটমুক্ত সময়ে দেশের নিটওয়্যার খাতে উচ্চ হারে রপ্তানি বাড়লেও অকৃষিজ পণ্যের শুল্ক হ্রাসে এ খাত ঝুঁকির সম্মুখীন হতে পারে। সোমবার নিটওয়্যার নিয়ে এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, বিশ্ব বানিজ্য সংস্থার আগামী বৈঠকের আলোচনায় অকৃষিজ বাজার সুবিধার (নামা) আওতায় শুল্ক কমবে। ফলে এ খাতে জিএসপি’র মত বিশেষ চুক্তিগুলোর তুলনামূলক যে অধিক সুবিধা বর্তমানে বাংলাদেশ পায়, তা ব্যাহত হবে।
বর্তমানে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় জিএসপি’র মত বিশেষ চুক্তিগুলোর মাধ্যমে উন্নত দেশগুলোর বাজার প্রাপ্তি যে সুবিধা ভোগ করে, তা আর কার্যকর হবে না।
সোমবার ‘বাংলাদেশে নিটওয়্যার রপ্তানির ওপর বাণিজ্য বিশ্বায়ন ও মুক্ত বাণিজ্য চুক্তির প্রভাব’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। এ সেমিনার যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অ্যালামনাই অ্যাসোশিয়েশন (আইবিএএএ) ও বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপিত করেন ডি.নেট’র নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান।
বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিকেএমইএ সহ সভাপতি এম এ বাসেত, সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট ফ্যাসিলিটি’র (এসডিএফএ) দীপক অধিকারী ও আইবিএএএ সভাপতি নুরুল আলম।
ড. অনন্য রায়হান তার প্রবন্ধে উল্লেখ করেন, অল্প কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশই জিএসপি ব্যবহারের মাধ্যমে উন্নত দেশগুলোতে বাজার শেয়ার বাড়াতে পেরেছে। আগামীতে শুল্ক হ্রাসের কারনে এ সুবিধা কার্যকর করা যাবে না।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিকেএমইএ তাদের পণ্য বহুমূখীকরনে অনেকখানি সফলতা অর্জন করতে পেরেছে। বর্তমানে ৯০টি দেশে এ পন্য রপ্তানি হয়।
এম এ বাসেত বলেন, কোটমুক্ত সময়ে দেশে নিটওয়্যার রপ্তানি বৃদ্ধির হার ৩২ শতাংশ। যদিও আমাদের প্রতিযোগী ভারত ও চীনের এ খাতের রপ্তানি বৃদ্ধির হার আরো বেশি।
