খন্ডিত ও বহুমূখী অর্থায়নের কারণে প্রকল্পসমূহের বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে : অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, খন্ডিতভাবে এবং একাধিক উন্নয়ন সহযোগীর বহুমুখী অর্থায়নের কারণে উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে খন্ডিত অর্থায়ন সবচেয়ে নিকৃষ্ট ধরণের অর্থায়ন।
সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে ইউএনডিপির সহায়তায় ন্যাশনাল এক্সিকিউশন (এনইএক্স) ম্যানুয়াল’র প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহর সভাপতিত্বে সভায় ইউএনপিডির আবাসিক প্রতিনিধি যুরগেন লিসনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এম সাইফুর রহমান বলেন, ইউএনডিপির আর্থিক সহায়তায় পরিচালিত প্রকল্পসমূহ এনইএক্স ম্যানুয়াল অনুযায়ী বাস্তবায়িত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) আগামী মাস থেকে বাস্তবায়ন শুরু হবে এবং এর জন্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের অনুমোদনের প্রয়োজন নেই।
অনুষ্ঠানে যুরগেন লিসনার বলেন, এনইএক্স ম্যানুয়াল কতগুলো বিধির সংকলন, যা ইউএনপিডির আর্থিক সহায়তায় পরিচালিত প্রকল্পে সরকার বাস্তবায়ন করবে।
তিনি আরও উল্লেখ করেন, ম্যানুয়ালের বিধিসমূহ মানা না হলে ভবিষ্যতে সাহায্যের পরিমান কমে যাবে।
ইউএনডিপি’র একজন কর্মকর্তা বলেন, এ ম্যানুয়াল ইউএনডিপি সমর্থিত উন্নয়ন কার্যক্রমে দেশের মালিকানা, জবাদিহিতা, জাতীয় উন্নয়ন সক্ষমতা ও স্থায়ীত্ব নিশ্চিত করবে।
