২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরে বাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জে ই-গভর্ণেন্স সার্ভিস চালু

সরকার গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে শেরে বাংলা নগরস্থ টেলিফোন এক্সচেঞ্জে ই-গভর্নেন্স অ্যাপ্লিকেশন সফ্টওয়ার চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সোমবার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

নতুন ব্যবস্থার ফলে টিএন্ডটির গ্রাহকরা তাদের প্রয়োজনীয় তথ্যাদি, বিল প্রদানের হিসাব, বকেয়া হিসাব ইত্যাদি ওয়েব সাইটের মাধ্যমে জানতে পারবে।

টেলিফোন সংযোগ লাভের জন্য আবেদনকারী অনলাইনের মাধ্যমে টিএন্ডটির নতুন টেলিফোন সংযোগ সংক্রান্ত বিষয়ে সাম্প্রতিক তথ্য সহজে জানতে পারবে। ফলে এখন থেকে তাদের আর কষ্ট করে জিএম কার্যালয়ে যেতে হবে না।

এই ওয়েবসাইট (http://sbn.bttb.gov.bd) ব্যবহারের মধ্যমে টিএন্ডটি গ্রাহকরা সহজে তাদের অভিযোগ এবং ঠিকানা পরিবর্তন সংক্রান্ত তথ্য জানাতে পারবে।

এই ই-গভর্নেন্স শেরে বাংলা নগরস্থ টেলিফোন এক্সচেঞ্জের অভ্যন্তরীণ প্রক্রিয়ার অটোমেশনের মধ্য দিয়ে এর কার্যক্ষমতা ও দক্ষতার উন্নয়ন ঘটাবে।

মন্ত্রী বলেন, বর্তমান অর্থ বছরের মধ্যে দেশের সবকটি উপজেলায় ইন্টারনেট সার্ভিস চালুর মাধ্যমে সারা পৃথিবীর সাথে আমাদের সন্তানদের পরিচয় করিয়ে দিতে চাই। খুব শিগগিরই দেশের অন্যান্য এক্সচেঞ্জেও পর্যায়ক্রমে এ সার্ভিস চালু করা হবে। তিনি বলেন, দেশের ১৮০টি উপজেলায় বর্তমানে ইন্টারনেট সেবা চালু রয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জি. এম. ফজলুল হক এমপি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী। প্রকল্প পরিচালক এসএম তাইফুর, বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মালেক আখন্দ এবং টিএন্ডটি বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন।