২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া ৮টি পাটকলে নতুন করে উৎপাদন শুরু

মন্ত্রণালয়ের বরাদ্দ নয়, ব্যাংক ঋণের অর্থের ওপর নির্ভর করে শনিবার থেকে পুনরায় উৎপাদন শুরু করেছে খুলনা ও যশোরের আটটি পাটকল।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 09:16 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

ব্যাংক ঋণের যে পরিমাণ অর্থ নিয়ে মিলগুলো উৎপাদন শুরু করেছে, তা প্রয়োজনের এক তৃতীয়াংশ বলে বিজেএমসি সূত্রে জানা গেছে। বিজেএমসি’র অধীন এ মিলগুলো চলতি বছর ফেব্রুয়ারি থেকে অর্থ ও পাটের অভাবে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ জুট মিলস্ কর্পোরেশনের (বিজেএমসি) পরিচালক (অর্থ) কামাল উদ্দিন বিডিনিউজকে বলেন, ২০০৫-০৬ অর্থ বছরের বাজেটে মিলগুলোর জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ না থাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয় অর্থ ছাড় দেয়নি। দেশের ২২টি মিলের জন্য বিজেএমসি সরকারের কাছে দুইশ’ কোটি টাকা চেয়েছিল। মন্ত্রণালয় অর্থ ছাড় না দেওয়ায় সম্পূর্ণ ব্যাংক ঋণের উপর নির্ভর করেই উৎপাদন শুরু করতে হয়েছে।

বিজেএমসি ওই আটটি মিলের উৎপাদন শুরু করতে দু’দফায় ১১ কোটি ৯০ লাখ টাকা প্রদান করেছে। কিন্তু মিলগুলোর শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারিদের বকেয়া বেতন-মজুরি ও নতুন পাট ক্রয়ের জন্য ৩২ কোটি টাকা প্রয়োজন বলে বিজেএমসি’র খুলনা জোনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান।