২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলা তদন্তে সরকার এখনও বিদেশী সাহায্যের কথা ভাবছে না

দেশব্যাপী ১৭ আগস্টের বোমা হামলার ঘটনা তদন্তে সরকার এখনও অন্য কোনও রাষ্ট্রের সাহায্য নেয়ার কথা ভাবছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সরকার ১৭ আগস্টের বোমা হামলা তদন্তে বন্ধু কোনও রাষ্ট্রের সহায়তা নিচ্ছে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বলেন, প্রয়োজন হলে অবশ্যই আমরা তা চাইবো। ইতস্তত করবো না।

১৭ আগস্টের বোমা হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতসহ অনেক বন্ধু রাষ্ট্র হামলার ঘটনা তদন্তে বাংলাদেশকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল। এমনকি ভারত যে কোনও ধরনের সাহায্যের আশ্বাস দেয়।

কূটনৈতিক সূত্র জানায়, বোমা হামলার ঘটনা তদন্তে সাহায্য করতে আগ্রহী দেশসমূহ সরকারের অনুমতির অপেক্ষায় আছে। কিন্তু সরকার ঢাকায় কেন্দ্রীয়ভাবে সাত সদস্যের নিজস্ব তদন্ত কমিটি এবং জেলা পর্যায়ে ৬৩টি উপ কমিটি গঠন করে ঘটনার তদন্ত করছে।

মার্কিন দূতাবাসের এক মুখপাত্র রোববার বিডিনিউজকে বলেন, বোমা হামলার ঘটনা তদন্তে সাহায্যের ব্যাপারে বাংলাদেশ সরকারের যেকোনও ধরনের অনুরোধ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো। বাংলাদেশ সরকার কাপুরুষোচিত এ হামলার সঙ্গে জড়িত অপরাধী ও পরিকল্পনাকারিদের বিচার করতে পারবে বলে আমরা আশা করছি।

বোমা হামলার ঘটনা তদন্তে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা আন্তর্জাতিক তদন্তের দাবি করেন।