২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই অটেমেটেড ট্রেডিং সিস্টেমের আরও আধুনিকায়ন

শেয়ার লেনদেনের স্বয়ংক্রিয় পদ্ধতির আরও আধুনিকায়ন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। রোববার থেকে চালু হওয়া নতুন এ পদ্ধতিতে স্টক এক্সচেঞ্চের কার্যক্রম আরও বিস্তৃত ও সহজতর হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সূত্র জানিয়েছে, নতুন ব্যবস্থায় ওয়ার্কস্টেশন সাড়ে চার শ’ থেকে বেড়ে দাঁড়াচ্ছে দেড় হাজার। আগে যেখানে প্রতিদিন ১৫ হাজার শেয়ার লেনদেন হত, সেখানে তা বেড়ে দাড়াচ্ছে ৫০ হাজার।

প্রতিদিন এক লাখের বেশি লেনদেনের লক্ষ্যে আগামীতে ওয়ার্কস্টেশন তিন হাজারে উন্নীত করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ মোট এক লাখ ৯০ হাজার মার্কিন ডলার ব্যয়ে এইচপি ৭০০৮ সিরিজের ননস্টপ প্ল্যাটফর্ম ভিত্তিক পদ্ধতির নতুন ট্রেডিং ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে হার্ডওয়্যার বাবদ পাঁচ লাখ ২০ হাজার ডলার এবং সফটওয়্যার স্থাপন ও প্রশিক্ষণ বাবদ আরও দুই লাখ ৭০ হাজার ডলার ব্যয় হয়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাহিক খানের সভাপতিত্বে নতুন পদ্ধতির উদ্বোধন করেন বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান।

মন্ত্রী বলেন, স্বয়ক্রিয় পদ্ধতির মধ্য দিয়ে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে। তিনি সঠিকভাবে ও নীতি অনুযায়ী এ পদ্ধতি পরিচালনার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্চের কর্মকর্তা ও সদস্যদের পরামর্শ দিয়েছেন।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আজিজুল ইসলাম বলেন, নতুন এ পদ্ধতিকে ভাইরাস মুক্ত করা হয়েছে এবং অধিক মুনাফা লাভের আশায় এটির অপব্যবহার করা উচিত হবে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ জানান, ঝুঁকি ব্যবস্থাপনা ও সফটওয়্যার তত্ত্বাবধান ব্যবস্থা আরও বিস্তৃত করার মাধ্যমে বিশ্বের যে কোনও স্থান থেকে স্টক ট্রেডিংয়ের সুবিধা পাওয়া যাবে।

তিনি বলেন, আগের স্বয়ংক্রিয় ব্যবস্থায় লোকাল এরিয়া নেটওয়ার্ক ও শুধু সীমিত পর্যায়ের নেটওয়ার্কের মাধ্যমে ট্রেডিং সম্ভব ছিল। ওই ব্যবস্থা শুধু ঢাকার ভিতরেই সীমাবদ্ধ ছিল।

নতুন ব্যবস্থায় দেশের যে কোনও শাখা থেকে ব্রোকাররা লগ অন করতে সক্ষম হবেন বলে তিনি জানান।

১৯৯৮ সালের ১০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ স্বয়ংক্রিয় ট্রেডিং সিস্টেম চালু করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেন পরিচালনার জন্য ভারতীয় কোম্পানি ইন্ডিগো টেকনোলজিস (বর্তমানে এসএসসিএল) ট্যান্ডেম ইলেক্ট্রনিক সিকিউরিটি আর্কিটেকচার (টিইএসএ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার সরবরাহ করে। এতে খরচ হয় ১৭ লাখ মার্কিন ডলার।