২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পোশাক শিল্পে বিনিয়োগ করতে যাচ্ছে চীন

চীন বাংলাদেশে হ্যান্ডমেড ফেব্রিক ও হোম টেক্সটাইল শিল্প কারখানা স্থাপনের পাশাপাশি একটি যৌথ গবেষণা ইন্সটিটিউট প্রতিষ্ঠা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এছাড়া একটি পলিয়েস্টার সুতা কারখানা স্থাপনেরও পরিকল্পনা রয়েছে চীনা বিনিয়োগকারীদের। এক শীর্ষ ব্যবসায়ী নেতা শনিবার একথা জানান।

ওই ব্যবসায়ী নেতা বলেন, এসব ছাড়াও ‘সিনো-বাংলাদেশ টেক্সটাইল কমিউনিকেশন কমিটি’ গঠনের লক্ষ্যে গত ১৮ আগস্ট চীনের গ্রেট হলে চীনা ও বাংলাদেশী বেসরকারি উদ্যেক্তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

কমিটি ওই সকল শিল্প কারখানা স্থাপনের সময়, স্থান ও অন্যান্য বিষয় নির্ধারণে কাজ করবে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের সময় তার সফরসঙ্গী হিসেবে যেসব ব্যবসায়ী নেতৃবৃন্দ চীনে গিয়েছিলেন তারা জানান, সফরের সময় বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয়েছে। তাই বাংলাদেশের আশাবাদী হওয়ার অনেক কারণ আছে।

তারা বলেন, স্থানীয় পোশাক শিল্পের কারিগরি উন্নয়নে চীন থেকে উল্লেখযোগ্য পরিমাণ সহায্য পাওয়া যেতে পারে।

বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে বৃহৎ একটি চীনা কোম্পানি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাণ্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপনের ব্যাপারে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) চেয়ারম্যান এমএ আউয়াল বলেন, এসব কারখানা স্থাপন করা হলে আমাদের সুতা আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাবে।

উল্লেখ্য, কোটামুক্ত সময়ে ২০০৫ সালের প্রথম তিন মাসে বাংলাদেশের তাঁতে তৈরি পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার কমে যায়।