চিলি বাংলাদেশ সঙ্গে পারস্পরিক রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী
চিলি বাংলাদেশের সঙ্গে পারস্পরিক রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। একই সঙ্গে দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়।
তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে চিলির রাষ্ট্রদূত জর্জ হেইন এ মন্তব্য করেন।
বাংলাদেশে নিয়োজিত চিলির রাষ্ট্র্রদূত জর্জ হেইন বৃহস্পতিবার সকালে বিজিএমইএ’র কার্যালয়ে নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সময় এই আগ্রহের কথা জানান।
বিজিএমইএ নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে অধিক পরিমানে তৈরি পোশাক আমদানির জন্য চিলি’র রাষ্ট্রদূতের মাধ্যমে তার সরকারকে অনুরোধ জানান। একই সঙ্গে চিলিতে শুধু বাংলাদেশের তৈরি পোশাক দিয়ে একটি মেলার (সিঙ্গেল কান্ট্রি ফেয়ার) আয়োজনের জন্য সকল ধরণের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।
চিলি’র রাষ্ট্রদূত বলেন, চিলিতে পাকিস্তান থেকে রপ্তানির পরিমাণ ৫ কোটি ডলার, শ্রীলংকা থেকে ৩ কোটি ডলার এবং ভারত থেকে ৫০ কোটি ডলার রপ্তানি হয়। অথচ বাংলাদেশ থেকে চিলিতে রপ্তানি হয় এক মিলিয়ন ডলারের চেয়ে কম।
রাষ্ট্রদূত আর বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের জন্যে চিলি সম্প্রতি দক্ষিণ এশিয়াকে টার্গেট করেছে। চিলির সুযোগকে বাংলাদেশ কাজে লাগাতে পারে।
এ সময়ে বিজিএমইএ নেতৃবৃন্দের মধ্যে ভারপ্রাপ্ত সভাপতি এমএ ছালাম, আনোয়ারুল আলম চৌধুরী, হাসান শাহরিয়ার চৌধুরী ও ঢাকাস্থ চিলি কনস্যুলেট অফিসের কাউন্সিল আসিফ এ চৌধুরী উপস্থিত ছিলেন।
