বোমা হামলায় বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে: প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদগণ
বাংলাদেশের বিভিন্ন এলাকায় বুধবার দফায় দফায় সংঘঠিত বোমা হামলাকে ‘মহাদুর্যোগ’ আখ্যায়িত করে দেশের অর্থনীতিবিদরা বলেছেন, এতে দেশের ভঙ্গুর অর্থনীতির ওপর আরও বিরূপ প্রভাব পড়তে পারে।
তারা বলেন, বোমা হামলার ঘটনায় দেশের অভ্যন্তরীণ বাণিজ্য এবং বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব পড়বে।
বুধবার সকালে ঢাকাসহ দেশের ৬৪টি জেলায় একযোগে বোমা হামলার পর ব্যবসায়ী, কর্মকর্তা, দোকানী, ভ্রমনকারী ও পর্যটকরা দ্রুত তাদের কর্মস্থল ত্যাগ করেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগ’র নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য বিডিনিউজকে বলেন, বোমা হামলার ঘটনা একটি জাতীয় দুর্যোগ। তিনি বলেন, এ ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতি হিসেবে ব্যাখ্যা করলে তা ভুল হবে।
ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, এ ধরণের বোমা হামলার ঘটনা আইন শৃঙ্খলার যে চরম অবনতি হয়েছে তাই প্রমাণ করে।
তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) সভাপতি অধ্যাপক কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, এর ফলে যে কেবল অর্থনীতিতে প্রভাব পড়বে তাই নয় পুরো সমাজ ব্যবস্থার ওপর এর প্রভাব পড়বে।
সিপিডি’র পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এ ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে তার ওপরই আমাদের ভবিষ্যত নির্ভর করবে।
তিনি বলেন, জনগণের মনে কতদিন দিন ধরে এর ভীতি বজায় থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোজাফফর আহমেদ বিডিনিউজকে বলেন, জনগণের ভীতি দূর করতে সরকার কত দ্রুত পদক্ষেপ নিচ্ছে তার ওপরই অর্থনীতির দীর্ঘ মেয়াদী প্রভাব নির্ভর করবে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একযোগে দেশের ৬৪টি জেলায় সংঘটিত এ বোমা হামলার কারণে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়বে। এর ফলে বাজারে জিনিসপত্রের চাহিদা কমে যাবে এবং এর ফলাফল হিসেবে উৎপাদন কমে যাবে।
তিনি বলেন, এ ঘটনায় শুধুমাত্র যে বিনিয়োগে প্রভাব পড়বে তা নয়, রাজস্ব আয় এবং আমদানি রপ্তানি বাণিজ্যেও প্রভাব পড়বে।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এর ফলে বিদেশী বিনিয়োগ, অভ্যন্তরীণ বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের আত্মবিশ্বাস কমে যাবে।
বিভিন্ন মার্কেটের দোকান মালিকরা জানায়, বোমা হামলার ঘটনা শোনার পর পরই ক্রেতারা কেনাকাটা বাদ দিয়ে বাসায় ফিরে যান। তারা জানান, সারাদেশে বোমা হামলার খবর সর্বত্র ছড়িয়ে পড়ার পর মার্কেটে ক্রেতা আগমন উল্লেখযোগ্য হারে কমে যায়।
নগরীর ইস্টার্ন প্লাজার এক ব্যবসায়ী বলেন, সারাদেশে একযোগে বোমা হামলার পর সকলে হতবাক হয়ে গেছে। এর ফলে জনগণের মনে কি প্রভাব পড়বে তা আমরা জানি না।
