২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-সিঙ্গাপুর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠ সমাপ্ত : সিঙ্গাপুরে রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

প্রধমবারের মতো আয়োজিত বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বার্ষিক বৈঠক সোমবার সমাপ্ত হয়েছে। বৈঠকের ফলে বাংলাদেশের হাউজ কিপার, বিশ্ববিদ্যালয় শিক্ষক, নাবিক ও মেরিন ক্যাডেটদের জন্য সিঙ্গাপুরে কাজ করার পথ প্রশস্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক, হাউজ কিপার, নাবিক ও মেরিন ক্যাডেট নিযোগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন সিঙ্গাপুরের নেতৃবৃন্দ। এছাড়াও তারা বন্দর কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আগ্রহী।

বৈঠকে সিঙ্গাপুরে বাংলাদেশী পণ্যের রপ্তানি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপসহ বিনিয়োগের সম্ভাব্য খাত অনুসন্ধানে সিঙ্গাপুরের একটি বিনিয়োগ প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিঙ্গাপুরে ফার্মাসিউটিক্যালস, কষিজাত পণ্য (ফল ও সব্জি), সিরামিকস, তৈরি পোশাক, রাসায়নিক পদার্থ এবং চামড়াজাত পণ্যের মতো বাংলাদেশী পণ্যের রপ্তানির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং স্বাগতিক দেশর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিঙ্গাপুরের পররাষ্ট্র সচিব পিটার হো হ্যাক এ্যান।

বৈঠকে পরিবহণ শুল্ক হ্রাসের জন্য সিঙ্গাপুর একটি দ্বিপাক্ষিক শিপিং চুক্তির ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে। এর মাধ্যমে সিঙ্গাপুরের বাজারে বাংলাদেশী পণ্য হ্রাসকৃত পরিবহণ খরচে পৌঁছতে পারবে।

পর্যটন ও আইসিটি খাতে সহযোগিতার পাশাপাশি সিঙ্গাপুরে বাংলাদেশের জনশক্তি রপ্তানির বিষয়েও আলোচনা করা হয়। এ সময়ে উভয় দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের সকল ইস্যু নিয়েও আলোচনা করা হয়।

ইতোমধ্যেই সিঙ্গাপুর তাদের ভিসা প্রক্রিয়া সহজ করেছে। আরও সহজীকরণের জন্য উভয় দেশের স্বরাষ্ট্র সচিবরা সাক্ষাৎ করবেন।

বৈঠকের সমাপনী অধিবেশনে সিঙ্গাপুরের পররাষ্ট্র সচিব পিটার হো হ্যাক বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনের সম্মানে এক ওয়ার্কিং ডিনারের আয়োজন করেন।

অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুসহ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করায় উভয় পক্ষই বৈঠকের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে।

চলতি বছরের ২০-২২ মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিঙ্গাপুর সফরকালে উভয় দেশের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বৈঠকে সে সমস্ত সিদ্ধান্তের বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সোমবার সকালে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ো এবং স্বরাষ্ট্র সচিব বেনি লিম’র এর সাথে সাক্ষাৎ করেন।