মগনামা, হাতিয়া ও মনপুরায় গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার সাথে কেয়ার্নের চুক্তি স্বাক্ষর
বঙ্গোপসাগরের ১৬ নং ব্লকে মগনামা, হাতিয়া ও মনপুরা কাঠামোয় নতুন করে তেল গ্যাস অনুসন্ধানের জন্য মঙ্গলবার পেট্রোবাংলা ও সরকারের সাথে কেয়ার্ন এনার্জি পিএলসির সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
পেট্রোসেন্টারে অনুষ্ঠিত চুক্তি সম্পাদন অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, ভূতাত্ত্বিক জরিপে দেখা গেছে, হাতিয়া ও মগনামায় দু’ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) করে চার টিসিএফ গ্যাস মজুদ রয়েছে।
মনপুরা সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায়নি।
বাংলাদেশে এখন পর্যন্ত প্রমাণিত এবং সম্ভাব্য ২০ টিসিএফ গ্যাস আবিষ্কার হয়েছে। এর মধ্যে ব্যবহার হয়েছে ছয় টিসিএফ গ্যাস। বাকি ১৪ টিসিএফ গ্যাস এখনো মজুদ রয়েছে।
কেয়ার্ন এনার্জি পিএলসি পেট্রোবাংলার সাথে চুক্তি সম্পাদনের আগে কাঠামো তিনটিতে ভূতাত্ত্বিক জরিপ এবং মূল্যায়ন কাজ শেষ করেছে। তবে তারা গ্যাসের মজুত সম্পর্কে কোনো তথ্য দেয়নি। কোম্পানিটি বলেছে, অনুসন্ধান কূপ খননের পরই তারা এ সম্পর্কে বলতে পারে।
সংশোধিত চুক্তির উল্লেখ্যযোগ্য দিক হচ্ছে কোনো কাঠামোতে গ্যাস পাওয়া না গেলে অন্য কাঠামোতে পাওয়া গ্যাস কিংবা সাঙ্গুর বর্তমান ফিল্ড থেকে কস্ট রিকভারি করা যাবে না। কারিগরি ভাষায় একে বলা হচ্ছে ‘নো ক্রস স্ট্রাকচার কস্ট রিকভারি’।
এ তিনটি কাঠামোতে অনুসন্ধানের জন্য সরকার কিংবা পেট্রোবাংলার কোনো বিনিয়োগ ঝুঁকি থাকবে না।
কেয়ার্ন এনার্জি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আয়ান হেলস্টিড, পেট্রোবাংলার সচিব আবুল মনসুর মোহাম্মদ আজাদ এবং জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুব-উন-নাহার নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী চুক্তি সম্পাদন অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের অর্থনীতির গতিশীল হচ্ছে। এ জন্য দরকার বিপুল পরিমাণ প্রাথমিক জ্বালানি। নতুন জ্বালানির জন্য দেশটির আরো বেশি অনুসন্ধানে যাওয়া উচিত।
তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে কলকারখানার সংখ্যা বাড়ছে। কিন্তু এর মূল নির্ভরতা সাঙ্গুর উপর। এই তিনটি নতুন কাঠামো থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হলে শুধু চট্টগ্রাম নয়, গোটা দেশ উপকৃত হবে।
সাঙ্গু গ্যাস ফিল্ড প্রতিদিন ১৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে থাকে যদিও এর ক্ষমতা ১৮০ মিলিয়ন ঘনফুট। সারা দেশে এখন দৈনিক গ্যাসের চাহিদা হলো ১,৪৫০ থেকে ১,৫০০ মিলিয়ন ঘনফুট।
১৯৯৮ সালে কেয়ার্ন সাঙ্গু গ্যাস ফিল্ডে গ্যাস উৎপাদনের পর ১৬ নং ব্লকের মগনামা, হাতিয়া ও মনপুরা সহ অন্য এলাকা ছেড়ে দেয়। ১৬ নং ব্লকের জন্যে কেয়ার্নের সাথে ১৯৯৪ সালের ৫মে প্রথম পিএসসি চুক্তি স্বাক্ষরিত হয়। মঙ্গলবার সম্পাদিত চুক্তির আওতায় কেয়ার্ন আগামী তিন বছরের জন্য মনপুরায় ৩৭২ কিলোমিটার, হাতিয়ার ৫৪১ বর্গ কিলোমিটার এবং মগনামায় ৫১৫ বর্গ কিলোমিটার জায়গায় অনুসন্ধান কূপ খননের অনুমতি পাবে। মোট অনুসন্ধান এলাকা হবে ১,৪২৮ বর্গ কিলোমিটার।
অনুষ্ঠানে কেয়ার্ন এনার্জির আয়ান হেলস্টিড বলেন, আমরা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে কাজ করতে চাই। বাংলাদেশে আমরা ১০ বছর ধরে সরকারের সহযোগিতায় তেল গ্যাস অনুসন্ধানের কাজ করছি। আমরা আশা করছি, ১৬ নং ব্লকের আওতায় তিনটি কাঠামোতে গ্যাস অনুসন্ধান ভবিষ্যতে কেয়ার্নের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে।
কেয়ার্নের গভর্নমেন্টাল এবং পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক পরিচালক সিরাজ উদদৌলা বিডিনিউজকে বলেন, আগামী শুষ্ক মৌসুমে হাতিয়ায় কূপ খননের কাজ শুরু করা হবে। তিনি বলেন, প্রতিটি কূপ খনন করতে ২০ মিলিযন মার্কিন ডলার খরচ পড়তে পারে।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় কেয়ার্ন পেট্রোবাংলাকে প্রশিক্ষণ বাবদ বছরে এক লাখ ডলার করে প্রদান করবে। অন্যদিকে কেয়ার্ন প্রতিটি কূপ খননের আগে পেট্রোবাংলাকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার গ্যারান্টি হিসেবে দেবে। নির্ধারিত সময়ের মধ্যে কেয়ার্ন কূপ খনন করতে ব্যর্থ হলে পেট্রোবাংলা এ অর্থ তুলে নিতে পারবে।
