২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিটওয়্যার রপ্তানিকারকদের চিলির ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাজার দখলের সুযোগ

দেশের সম্ভাবনাময় নিটওয়্যার শিল্প সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় নিটওয়্যার রপ্তানিকারকরা চিলির ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাকের বাজারে প্রবেশের সম্ভাব্যতা যাচাই করে দেখবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 09:56 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এরই ধারাবাহিকতায় চিলির ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল স্থানীয় নিটওয়্যার পণ্য যাচাই করার জন্য অক্টোবরের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে।

অন্যদিকে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) একটি প্রতিনিধিদল নভেম্বরের শেষের দিকে চিলি সফরে যাবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউইয়র্কে সিঙ্গেল কান্ট্রি মেলা আয়োজনের পর তারা এ সফরে যাবেন।

সান দিয়েগো চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন স্থাপন করতে যাচ্ছে।

বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ে সোমবার বিকেলে বিকেএমইএ এবং চিলির সফরকারী দিল্লী ভিত্তিক রাষ্ট্রদূত জর্জ হেইনের মধ্যকার শুভেচ্ছা বৈঠকে একথা জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিকেএমইএ’র সভাপতি ফজলুল হক। অন্যদিকে চিলির পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চিলির কনস্যুলেটর আসিফ এ চৌধুরী।

ফজলুল হক বলেন, আমাদের পণ্য বর্তমানে চীনের চেয়ে সস্তা। সুতরাং বাংলাদেশ থেকে নিটওয়্যার পণ্য কেনা চিলির জন্য ভাল হবে।

জর্জ হেইন বলেন, চিলি নিজে তৈরি পোশাকের বৃহৎ প্রস্তুতকারক নয়। তাই বাংলাদেশী উদ্যোক্তারা চিলিতে তাদের বাজার সম্প্রসারণ করতে পারেন।