২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরকে রপ্তানি মাস হিসেবে উদযাপন করবে থাইল্যাণ্ড

রপ্তানি বাড়াতে থাইল্যাণ্ড আগামী ৩১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংককে ‘রপ্তানি মাস ২০০৫’ উদযাপন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এসময় প্রসাধনী, ইলেক্ট্রনিক পণ্য, গৃহস্থলি পণ্য সামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, স্বর্ণালংকার, উপহার সামগ্রী, পোশাক, চামড়াজাত পণ্য, খাদ্যদ্রব্য ও ফলের নয়টি মেলার আয়োজন করা হবে।

এ উপলক্ষ্যে ঢাকায় থাই দূতাবাসের বাণিজ্য বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশের শিল্প উদ্যোক্তা ও আমদানিকারকদের জন্য বিমানের টিকিট ও ব্যাংককে থাকার খরচের ওপর মূল্যহ্রাসের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার ঢাকার থাই দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

থাইল্যাণ্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন বিভাগের পরিচালক কন্যরত ভংসকুল, থাই দূতাবাসের কমার্সিয়াল কাউন্সেলর পনিতি উথায়রত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজ’র (বিটিসিসিআই) সভাপতি রাশেদ মাকসুদ খান ও বিটিসিসিআই’র সদস্য মাসুদ রহমান।

কন্যরত ভংসকুল বলেন, মেলায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে এক হাজারেরও বেশি প্রস্তুত ও রপ্তানিকারক এবং উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করবেন। তিনি বলেন, এটি বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে।

পুরো মাস জুড়ে যেসব মেলার আয়োজন করা হচ্ছে সেগুলো হচ্ছে-থাইল্যাণ্ড হেলথ অ্যাণ্ড বিউটি মেলা ২০০৫, ব্যাংকক রিফ্রিজারেশন, হিটিং, ভেনটিলেশন ও এয়ার কন্ডিশনার (আরএইচভিএসি ২০০৫), ব্যাংকক ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স ২০০৫, থাইল্যাণ্ড অটো পার্টস অ্যাণ্ড অ্যাকসেসরিজ ২০০৫, ব্যাংকক জেমস অ্যাণ্ড জুয়েলারি মেলা, ওটিওপি লাইফ স্টাইল, ব্যাংকক ইন্টারন্যাশনাল ফ্যাশন মেলা ২০০৫, ব্যাংকক ইন্টারন্যাশনাল লেদার মেলা ২০০৫ ও থাই কিচেন টু দ্য ওয়ার্ল্ড।