চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার চালু হলে ভারত ট্রানজিট পাবে
চট্টগ্রাম বন্দরের নিমার্ণাধীন নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) চালু হলে ভারতকে সীমিত আকারের ট্রানজিট সুবিধা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্দর(চবক) সূত্র জানিয়েছে, এনসিটি চালু হলে বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা দ্বিগুন বৃদ্ধি পাবে।
নৌ পরিবহন মন্ত্রনালয় গত ১৪ আগস্ট চট্টগ্রাম বন্দরে ভারতকে শর্ত সাপেক্ষে ট্রানজিট প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয়। নৌ পরিবহন সচিব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রনালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌ পরিবহন মন্ত্রনালয়ের এই সিদ্ধান্ত কার্যকর হতে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের অনুমোদন লাগবে।
এনসিটি চালু হলে পাঁচ থেকে ছয় লাখ টিইইউএস কন্টেইনার বেশি হ্যান্ডেলিং করা যাবে। গত ২০০৪-২০০৫ অর্থ বছরে ছয় লাখ টিইইউএস’রও বেশী কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে।
সূত্রমতে, এনসিটি নির্মাণ কাজ শেষ হবে ২০০৬ সালের সেপ্টেম্বরে। এনসিটিতে এক সাথে পাঁচটি ফিডার জাহাজ লোডিং আন লোডিং করতে পারবে। এতে কন্টেইনার ইয়ার্ড থাকবে দু লাখ ২০ হাজার বর্গ মিটার। চলতি বছরে এনসিটি আংশিক ভাবে চালু হওয়ার সম্ভবনা রয়েছে।
বন্দরের বর্তমান কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা বছরে দুই লাখ টিইইউএস। অথচ এই ক্ষমতা নিয়ে হ্যান্ডেলিং করা হয় ছয় লাখ টিইইউএসের বেশি কন্টেইনার।
বন্দরের একটি সূত্র জানায়, ট্রানজিটের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক । তবে এ ব্যপারে সিদ্ধান্ত নেওয়ার আগে বন্দরের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করতে হবে। এনসিটি চালু হলেও দেশের ক্রমবর্ধমান চাহিদার কারণে এক সময় বন্দরের হ্যান্ডেলিং ক্ষমতা আর উদ্ধৃত্ত থাকবে না।
জানা যায়, বর্তমানে প্রতি বছর কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমান ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে এই বৃদ্ধির হার ১৫ শতাংশে পৌঁছাবে।
এদিকে এনটিসি’র নির্মাণ কাজের অগ্রগতি, বন্দর চ্যানেলের ক্যাপিটেল ড্রেজিং ও অনান্য বিষয়ে পোর্ট স্টিয়ারিং কমিটির বৈঠক আগামী বুধবার অনুষ্ঠিত হচ্ছে। নৌ পরিবহন সচিব রফিকুল ইসলামের এ বৈঠকে সভাপতিত্ব করার কথা।
