পিসিএম’র মাধ্যমে টেলিটক থেকে অন্যান্য মোবাইলে প্রবেশ সুবিধা বাড়ানো হচ্ছে
টেলিটক আগামী এক সপ্তাহের মধ্যে অন্যান্য সব মোবাইলে প্রবেশ সুবিধা নিশ্চিত করবে। পিসিএম (পালস কোড মডিউলেশন) নম্বর বাড়ানের মাধ্যমে টেলিটক নেটওয়ার্ক প্রসারের এই উদ্যোগ নেয়া হয়েছে।
টেলিটক কার্যালয়ে রোববার অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। টেলিটকের একজন কর্মকর্তা জানান, একটি পিসিএম’র মাধ্যমে কমপক্ষে ৩০ জন গ্রাহক সংযোগ সুবিধা উপভোগ করতে পারবে।
তারা জানান, মোবাইল যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করতে বর্তমানে প্রচলিত আন্তঃযোগাযোগ ক্ষমতা পর্যাপ্ত নয়। টেলিটকের ৮০ শতাংশ গ্রাহকের অভিযোগ, রাত আটটা থেকে সকাল দুইটা পর্যন্ত নেটওয়ার্কে অতিরিক্ত চাপের কারণে অন্য নম্বরে যোগাযোগ করতে অসুবিধা হচ্ছে। অধিকাংশ অভিযোগই গ্রামীন ফোন ও একটেলের গ্রাহকদের।
টেলিটক সূত্র জানায়, বর্তমান কারিগরি সুবিধার আওতায় টেলিটক ও গ্রামীন ফোনের মাত্র ২৭০ জন গ্রাহক একযোগে পরস্পরের নম্বরে যোগাযোগ করতে পারে। টেলিটক ও সিটিসেলের গ্রাহকদের ২৭০ জন, একটেলের ১৫০ জন এবং বাংলালিংকের ৯০ জন একযোগে পরস্পরের নম্বরে যোগাযোগের এ সুবিধা পেয়ে থাকে।
বর্তমানে গ্রামীন ফোনের গ্রাহক সংখ্যা ৩০ লাখেরও বেশি। যেখানে একটেলের গ্রাহক ২০ লাখ, বাংলালিংকের পাঁচ লাখ, সিটিসেলের তিন লাখ ৭৫ হাজার এবং টেলিটকের ৮৫ হাজার গ্রাহক রয়েছে।
কাস্টমার কেয়ার সুবিধার কথা উল্লেখ করে টেলিটক সূত্র জানায়, টেলিটক কাস্টমার কেয়ারের মাধ্যমে গ্রাহকদের বিনামূল্যে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে।
