বাংলাদেশের সাথে দ্বিমুখী বাণিজ্যে চিলি আগ্রহী
ল্যাটিন আমেরিকার দেশ চিলি বাংলাদেশের সাথে দ্বিমুখী বাণিজ্যের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী এবং সেখানে বাংলাদেশী চিংড়ি, তৈরি পোশাক, ঔষধ এবং সিরামিক সামগ্রীর বড় বাজার হতে পারে বলে তারা আশা প্রকাশ করেছে।
বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত চিলির রাষ্ট্রদূত জর্জ হেইন জানান, চিলিতে রপ্তানি করার মত প্রচুর ভালো পণ্য এখানে রয়েছে এবং এখানকার পণ্য বিশেষ করে মানসম্মত বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, তৈরি পোশাক, ঔষধ এবং সিরামিক সামগ্রীর একটি বিশাল বাজার চিলিতে তৈরি হতে পারে।
রাজধানীর ঢাকা ক্লাবে শনিবার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে আলাপকালে চিলির রাষ্ট্রদূত বলেন, ১৫ মিলিয়ন জনসংখ্যার দেশ চিলি প্রতিবছর ২৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে এবং বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর জন্যেও সেখানে পণ্য রপ্তানির ভালো সুযোগ তৈরি হতে পারে।
এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত চিলিতে বাণিজ্য সুবিধা পরিদর্শনের জন্যে বাংলাদেশী একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সেদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, মূলত চীন, যুক্তরাষ্ট্র এবং হংকং চিলিতে তৈরি পোশাক রপ্তানি করে। বাংলাদেশ যদি তার তৈরি পোশাক চিলিতে রপ্তানি করে তাহলে তাকেও অন্যদের মতো শতকরা ছয় ভাগ শুল্ক প্রদান করতে হবে।
চিলিতে গত বছর জিডিপি বেড়েছে শতকরা ছয় ভাগ হারে এবং এবছরও এটি একই হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।
নয়াদিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত জর্জ হেইন বলেন, তার দেশ প্রতিবছর যে ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে তার মধ্যে কোনও বাংলাদেশী সামগ্রী নেই।
চিলির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ প্রচুর পরিমাণে বাগদা ও গলদা চিংড়ি রপ্তানি করতে পারে। অন্যদিকে বাংলাদেশে তামা, কাঠ ও কাঠজাত পণ্য, মাছের খাবার এবং তাজা ফলের প্রচুর চাহিদা রয়েছে, যা চিলি পূরণ করতে সক্ষম।
হেইনের মেয়াদকালের প্রথম বছরে ভারতে চিলির পণ্য রপ্তানির পরিমাণ বেড়েছ শতকরা ৯০ ভাগ, অর্থাৎ প্রায় ৪২৫ মিলিয়ন ডলার। চিলি দক্ষিণ এশিয়াকে ভবিষ্যতের সম্ভাবনাময় বাণিজ্য ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে এবং ভারতের সাথে বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে।
চিলির রাষ্ট্রদূত বলেন, আগামী বছরগুলোতে বাংলাদেশ এশিয়া তথা বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দু’দেশের জনগণের উন্নয়নে আমরা বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে চাই।
চিলির সাথে পাকিস্তানের বাণিজ্যের পরিমাণ ২৫ মিলিয়ন ডলার, অপরদিকে ভারতের ৪৫০ মিলিয়ন ডলার।
রাষ্ট্রদূত বলেন, চিলির অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বেসরকারি বাজার ব্যবস্থা। তিনি পাল্টা প্রশ্ন করেন, বাংলাদেশ কেন আমাদের দিকে নজর দিচ্ছে না? তিনি বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশী পণ্যের জন্যে চিলি সবসময়ই উন্মুক্ত।
অদূর ভবিষ্যতে বাংলাদেশে চিলির দূতাবাস স্থাপন করা হবে কিনা জানতে চাওয়া হলে রাষ্ট্রদূত বলেন, এটা এখনই বলা সম্ভব নয়।
আলোচনাকালে ঢাকায় চিলির অনারারি কনসাল আসিফ এ চৌধুরী উপস্থিত ছিলেন।
