২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই নির্বাচন ২১ আগস্ট, তারিখ পরিবর্তন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

এফবিসিসিআই’র দ্বিবার্ষিক নির্বাচন ২১ আগস্টই অনুষ্ঠিত হবে। হাইকোর্ট শনিবার এই নির্বাচনের তারিখ পরিবর্তনে পাঁচ আগস্টের ঘোষণা অবৈধ ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ফলে জুনের এক তারিখের শিডিউল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামনুুন রহমানকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে শনিবার এফবিসিসিআই’র চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেন।

হাইকোর্ট ২১ আগস্ট নির্বাচন অনুষ্ঠানের আগে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিসিসিসিআই) ও বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে (বিটিসিসিআই) ভোটার তালিকাভুক্ত করে নেওয়ার ব্যাপারেও এফবিসিসিআই ও সরকারের প্রতি নির্দেশ জারি করেছেন।

বিসিসিসিআই, বিটিসিসিআই, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই), লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) এবং চাপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর দায়ের করা চারটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ রায় প্রদান করেন।

বিসিসিসিআই, বিটিসিসিআই ও এনসিসিআই ২১ আগস্ট নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্মতি প্রকাশ করে তাদের রিট আবেদন প্রত্যাহার করে।

এফবিসিসিআই, ডিরেক্টরেট অব ট্রেড অর্গানাইজেশন (ডিটিও), বাণিজ্য সচিব এবং এফবিসিসিআই’র নির্বাচন বোর্ডের বিরুদ্ধে এ সব রিট আবেদন দায়ের করা হয়।

৫ আগস্ট এফবিসিসিআই নির্বাচন বোর্ড হাইকোর্টের একটি আদেশের প্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধার্য করে। এফবিসিসিআই নির্বাচনের পূর্ব নির্ধারিত তারিখ ছিল ২১ আগস্ট।

সূত্র মতে, ২১ জুলাই এফবিসিসিআই’র নির্বাহী কমিটির ২৪ টি পদের বিপরীতে নির্বাচন বোর্ড চেম্বার গ্রুপের ২৭ ও অ্যাসোসিয়েশনের ১৭ টি সহ মোট ৪৪ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করে।

এফবিসিসিআই’র ৩৮ জন নির্বাহী সদস্যের মধ্যে চেম্বার থেকে ১২ জন, অ্যাসোসিয়েশন থেকে ১২ জন, স্থানীয় চেম্বারগুলো থেকে সাত জন এবং স্থানীয় অ্যাসোসিয়েশন থেকে সাত জন নির্বাচিত হবে। এফবিসিসিআই’র গঠনতন্ত্র অনুযায়ী, একই সময়ে চেম্বার গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হবেন।

রিট আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন ড. এম জহির, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার তানজিবুল আলম ও ব্যারিস্টার শফিক আহমেদ।