২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানিকারকদের নগদ অর্থ সহায়তা দেওয়ার বিরোধিতা করলেন বিনিয়োগ বোর্ড প্রধান

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের মাহমুদুর রহমান শনিবার এক সেমিনারে রপ্তানিকারকদের নগদ অর্থ সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এতে দুর্নীতি ও অর্থ অপব্যবহারের সুযোগ সৃষ্টি হয় বলে তিনি উল্লেখ করেন।

অর্থনৈতিক সাংবাদিক ফোরাম (ইআরই) আয়োজিত ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জাতীয় বাজেটের প্রভাব’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, অন্যভাবে এ সহায়তা দেয়া দেওয়া উচিত। এক্ষেত্রে ইউটিলিটি সার্ভিস চার্জ কমানোসহ অন্যান্য পদক্ষেপ নেয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

মাহমুদুর রহমান বলেন, কিছুই রপ্তানি না করে ব্যবসায়ীরা নগদ অর্থ সাহায্য পেয়েছেন এমন অনেক দৃষ্টান্ত আছে। তাই এ ধরণের ফাঁক ফোঁকড় বন্ধ করতে অন্য উপায়ে সহায়তা দেয়া উচিত।

সরকার অন্য উপায়ের কথাও ভাবতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তার এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আনিসুল হক বিডিনিউজকে বলেন, ইউলিটি চার্জ কমানোর মাধ্যমে এ সহায়তা দেয়া হলে তা আমাদের নগদ অর্থসহায়তার চেয়ে বেশি উপকারে আসবে।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতিকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি এ প্রস্তাবকে সমর্থন করে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকতে আমরা সরকারের সহায়তা চাই।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’র উপ সম্পাদক শামসুল হক জাহিদ।

ইআরই’র সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা সমিতির সভাপতি রোকেয়া এ রহমান ও সেন্টার ফর পলিসি ডায়ালগ’র (সিপিডি) এম মোয়াজ্জেম হোসেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া এ রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব বিবেচনা করে আমরা তাদের পরামর্শ দেওয়ার জন্য পৃথক একটি মন্ত্রণালয় স্থাপন করতে পারি।

তিনি বলেন, কেবল ঋণ দেওয়ার মধ্যে ব্যাংকের কর্মকাণ্ড সীমাবদ্ধ না রেখে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে তারা পরামর্শও দিতে পারে।