বিকেএমইএ’কে একশ’ কোটি টাকার ক্যাশ ইনসেনটিভ দিয়েছে সরকার
নিটওয়্যার রফতানিকারকদের আটকে থাকা একশ’ কোটি টাকার ক্যাশ ইনসেনটিভ শনিবার প্রদান করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
গত মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ফজলুল হকের নেতৃত্বে নিটওয়্যার প্রস্তুতকারকরা অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সাথে দেখা করে গত দুই বছর ধরে আটকে থাকা তিনশ’ কোটি টাকার ক্যাশ ইনসেনটিভ প্রদানের দাবি জানান।
বিকেএমইএ’র সভাপতি জানান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন, আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই আমাদের পুরো পাওনা পরিশোধ করা হবে। কিন্তু মোট পাওনার মাত্র তিনভাগের এক ভাগ পরিশোধ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, অর্থমন্ত্রী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে মোট বকেয়ার একাংশ পরিশোধের ব্যাপারে সম্মত হয়েছিলেন, তিনি তাই দিয়েছেন। অবশিষ্ট পাওনা ধীরে ধীরে পরিশোধ করা হবে।
দেশের নিটওয়্যার রফতানিকারকরা পাঁচ শতাংশ হারে ক্যাশ ইনসেনটিভ পাচ্ছেন। গত দুই বছরে এ বাবদ সরকারের কাছে তাদের তিনশ’ কোটি টাকা পাওনা হয়েছে।
