২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন্ন রমজানে বাংলাদেশে খোরমা ও খেজুর রপ্তানী করবে পাকিস্তান

পবিত্র রমজান মাস আসন্ন। আর ইফতারের তালিকায় অন্যতম আইটেম হচ্ছে খোরমা ও খেজুর। এই চিন্তা থেকে রমজান মাসকে সামনে রেখে পাকিস্তান বাংলাদেশে খোরমা ও খেজুরের বাজার খানিকটা হলেও দখল করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এরই অংশ হিসেবে রপ্তানী উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশস্থ পাকিস্তান হাই কমিশন শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুদিন ব্যাপী ‘তৃতীয়তম পাকিস্তান খোরমা ও খেজুর প্রদর্শনী ২০০৫’-এর আয়োজন করেছে।

বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রদর্শনীর উদ্বোধন করেন।

আয়োজকদের সূত্রে জানা যায়, এতে পাকিস্তানের আটটি শীর্ষস্থানীয় খোরমা ও খেজুর রপ্তানীকারক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পাকিস্তান হাই কমিশনের সহযোগিতায় প্রদর্শনীর বাইরেও স্থানীয় খোরমা ও খেজুর আমদানিকারকদের সাথে পৃথকভাবে বৈঠক করবে। ১৫ আগস্টের মধ্যে দেশের বৃহত্তম প্রতিষ্ঠান অগোরা সুপার স্টোরের সাথেও তাদের বৈঠকের কথা রয়েছে।

বাংলাদেশে খোরমা-খেজুরসহ ফলমূলের রপ্তানী বাড়াতে পাকিস্তান হাই কমিশনের বাণিজ্য শাখার কর্মকর্তারা ঢাকার বৃহত্তম ফলের বাজার বাদামতলী এবং সদরঘাটে এ বিষয়ে একটি জরীপ চালাবে।

জানা যায়, বাংলাদেশের খোরমা ও খেজুরের বাজার মূলত: দুবাইয়ের নিয়ন্ত্রনে। রমজান মাসে এর চাহিদা অনেকাংশেই বেড়ে যায়। পুরো বছরের ১১ মাসে একজন বিক্রেতা মাত্র ১০ টন খেজুর কিনলেও শুধু রমজান মাসেই এর চাহিদা থাকে প্রায় ৫০ টন।

পাকিস্তানের ‘কাদির খেজুর খামারের’ স্বত্ত্বাধিকারি কাদির বক্স খান মারি বিডিনিউজকে জানান, পাকিস্তানের খেজুরের জন্য বাংলাদেশ একটি খুবই ভাল বাজার। এখানে প্রতি বছরই খেজুরের চাহিদা দ্বিগুণ হচ্ছে।

তবে স্থানীয় আমদানিকারক ও বিক্রেতারা পাকিস্তানী খেজুর ও খোরমার বিষয়ে এখনো তেমন আগ্রহী নন।

ঢাকার সুত্রাপুরের ওয়াইআরএস ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারি মুহাম্মদ ইয়াসিন বিডিনিউজকে জানান, সরকারি ট্যারিফের কারণে এখানে পাকিস্তানী খোরমা ও খেজুরের দাম সবচেয়ে বেশি। এর তুলনায় অন্যান্য দেশের খোরমা ও খেজুরের দাম অনেক কম এবং এর চাহিদাও অনেক বেশি।

তিনি আরো জানান, সরকার যদি ট্যারিফের কাঠামো পরিবর্তন না করে ডলারের বিনিময় মূল্য বেশি হওয়ায় এ বছর পাকিস্তান থেকে খোরমা ও খেজুর আমদানি করা কঠিন হয়ে পড়বে ।