২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ ও মধ্যবিত্তের ভীড়ে জমে উঠেছে চট্টগ্রামের আবাসন মেলা

উচ্চ মধ্যবিত্তদের ভীড়ে জমে উঠেছে চট্টগ্রামের আবাসন মেলা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তিনদিনের মেলার দ্বিতীয় দিনে শুক্রবার বিপুল সংখ্যক দর্শণার্থী ভীড় জমায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

মেলা কর্তৃপক্ষ ক্রেতাও পাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক। ফ্লাটের চেয়েও প্লটের প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল লক্ষ্য করার মত। মেলার আয়োজক বাংলাদেশ রিয়েল এস্টেট ডাইরেক্টরির (বিডি-রেড) নির্বাহী পরিচালক ইয়াসিন খান বিডিনিউজকে জানান, শুক্রবার দুপুর পর্যন্ত দেড়শতাধিক প্লট বুকিং দিয়েছে ক্রেতারা। অন্যদিকে ফ্লাট বুকিং হয়েছে ২০ টি।

মেলায় অংশগ্রহণকারী চট্টগ্রাম ভিত্তিক হাউজিং প্রতিষ্ঠান দারুস সালাম ডেভেলপমেন্ট প্রজেক্ট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল হারুন বিডিনিউজকে জানান, শুক্রবার দুপুর পর্যন্ত তারা সর্বোচ্চ সংখ্যক ৪০ টি প্লট বুকিং পেয়েছে।

ঢাকার আমিন মোহাম্মদ গ্রুপের কর্মকর্তা নাজমুল হোসেন বিডিনিউজকে জানান একই সময়ে তাদের প্লট বুকিং হয়েছে ২২টি।

বাংলাদেশ রিয়েল এস্টেট ডাইরেক্টরি (বিডি-রেড) ৪র্থ বারের মতো চট্টগ্রামে এ মেলার আয়োজন করেছে। সহ আয়োজক হিসেবে আছে-আমিন মোহাম্মদ গ্রুপ, আইডিএলসি অব বাংলাদেশ, আইডিয়েল হোম বিল্ডার্স, এইচএসবিসি, বার্জার পেইন্টস, এশিয়ান পেইন্টস ও আরএকে সিরামিকস।

ঢাকা ও চট্টগ্রামের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ও ডেভেলপার কোম্পানি এবং নির্মাণ সামগ্রীর প্রতিষ্ঠানগুলোর ৫৮ টি স্টল রয়েছে মেলায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই মেলা শনিবার পর্যন্ত চলবে। মেলায় আগত দর্শক ক্রেতাদের জন্য রয়েছে র‌্যাফেল ড্র। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।