২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়ষ্কভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের: সাইফুর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার বলেছেন সরকারের আগামী অর্থবছরে বয়স্ক ভাতা বৃদ্ধির পকিল্পনা রয়েছে। জনপ্রতি ১৮০ টাকার বয়ষ্কভাতা বৃদ্ধি করে তা ২০০ টাকা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বয়স্ক ভাতা পর্যবেক্ষণ সংক্রান্ত মন্ত্রী পরিষদ কমিটির ১২তম সভা শেষে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান অর্থবছরে এক লাখ ৫০ হাজার জনকে মাথাপিছু ১৮০ টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে। যেখানে আগে এক লাখ ৩১ হাজার ৫০০ জনকে  ১৬৫ টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হত।

সভায় বিধবা ও দুস্থদের বয়স্ক ভাতার আওতায় আনা এবং আরও বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনিতে নিয়ে আসার বিষয়ে আলোচনা করা হয়।

সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদী।

সাইফুর রহমান সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ শাসনামলে মাথাপিছু একশত টাকা করে চার লাখ ৩০ হাজার জনকে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছিল।

মন্ত্রী বলেন, সরকার চলতি অর্থবছরে সারাদেশ এক লাখ ৫০ হাজার সহায়-সম্বলহীন বৃদ্ধদের মাঝে দু’শত ৬০ কোটি টাকা  বিতরণ করেছে।

তিনি বলেন বয়স্ক ভাতা সঠিক ভাবে বরাদ্ধ ও বিতরণের জন্য সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও মেম্বার এবং অন্যান্য জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।

সমাজ কল্যাণ অধিদপ্তরের  পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে ৬০ বছরের ওপরে প্রায় ৯০ লাখ মানুষ রয়েছে।

দেশে জনসংখ্য বৃদ্ধির বর্তমান হার শতকরা এক দশমিক সাত ভাগ। বয়স্কদের সংখ্যা আগামীতে দ্বিগুন হবে কেননা স্বাস্থ্য সেবা, শিক্ষা ও প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষ এখন বেশি দিন বাঁচার আশা করছে।