২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি খাদ্য পরিস্থিতি মোকাবেলায় চাল ও গমসহ খাদ্য আমদানি নীতি সংশোধনের প্রস্তাব অনুমোদন

অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি জরুরি খাদ্য পরিস্থিতি মোকাবেলায় চাল ও গমসহ খাদ্য আমদানি নীতি সংশোধনের অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সংশোধিত নীতি অনুযায়ী, সর্বনিু দরদাতা চুক্তি অনুযায়ী খাদ্য দ্রব্য সরবরাহে ব্যর্থ হলে দ্বিতীয় সর্বনিু দরদাতা একই দামে তা সরবরাহ করতে পারবে। এতে নতুন কোনো দরপত্র আহ্বানের প্রয়োজন হবে না।

সভা শেষে এম সাইফুর রহমান সাংবাদিকদের জানান, দেশে যেকোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের আশংকা থাকায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালা ২০০৩ এর ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী কোনো কারণে সর্বনিু দরদাতা চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে পূন:দরপত্র আহ্বান করতে হয়। যা অহেতুক কালক্ষেপন করে পরিস্থিতি মোকাবেলায় জটিলতার সৃষ্টি করে। এ অবস্থা নিরসনে সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় নয় থেকে দশ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এছাড়াও প্রতি মাসেই বেসরকারি খাতে প্রায় আড়াই লাখ মেট্রিক টন খাদ্য দ্রব্য আমদানি হচ্ছে। তবুও জরুরি পরিস্থিতি মোকাবেলায় এ আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, বর্তমানে প্রায় দেড় লাখ টন খাদ্য দ্রব্য আমদানির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। যার মধ্যে এক লাখ মেট্রিক টন গম এবং ৫০ হাজার মেট্রিক টন চাল। যা আমদানির প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ আমদানিকৃত খাদ্য দ্রব্যের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের চেষ্টা করা হবে। তবে এর মাধ্যমে খাদ্য দ্রব্যের উর্ধ্বগতি রোধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এ ব্যাপারে তিনি কোনো জবাব দেননি।

সভায় মাইক্রো ফাইন্যান্স রিসার্চ এন্ড রেফারেন্স ইউনিট, সিলেট পাল্প ও পেপার মিল এবং খুলনার বাংলাদেশ কোল্ড স্টোর বেসরকারি মালিকানায় হস্তান্তরের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার আলোচ্যসূচিতে বিগত সরকার আমলে শ্রমিক ও কর্মচারিদের হাতে ছেড়ে দেওয়া ছয়টি মিল - কারখানার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে আরও আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহনের জন্য পরবর্তী সভায় উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যান্যের মধ্যে কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী, শিক্ষা মন্ত্রী এম ওসমান ফারুক, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, বস্ত্র ও পাট মন্ত্রী শাজাহান সিরাজ, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।