২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটার বিনিয়োগ ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে পারে: সাইফুর

বাংলাদেশে টাটার সফল বিনিয়োগের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্কে নুতন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 10:28 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বাংলাদেশ সফরকারী ভারতের পররাষ্ট্র মন্ত্রী কে নটবর সিংয়ের সাথে বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, বৃহৎ কিছু প্রকল্প দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সুসম্পর্ক গড়ে তুলতে পারে।

বাংলাদেশে টাটার দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তবে উভয় দেশের সমঝোতার ভিত্তিতে এ বিনিয়োগ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

সাইফুর রহমান বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এমনকি রাজস্থানসহ অন্যান্য এলাকা দিয়ে তাদের মধ্যে সীমান্ত বাণিজ্য পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, তাহলে আমাদের মধ্যে কেন হবে না?

ভারতের বৃহৎ কোম্পানি টাটা গ্র“প বাংলাদেশে সার ও ইস্পাত কারখানা এবং বিদ্যুৎ প্লান্ট প্রতিষ্ঠায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। এ বিষয়ে তারা দ্বিতীয় পর্যায়ের আলোচনা সম্পন্ন করেছে এবং আগামী সপ্তাহে তৃতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে।