২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে লাগাতার হরতাল পালনের হুমকি

বেনাপোল বন্দর ব্যবহারকারি সাতটি সংগঠন লাগাতার হরতাল পালনের হুমকি দিয়েছে। তিনদিনের মধ্যে তাদের দাবি মানা না হলে তারা এ কর্মসূচি পালন করবে বলে শনিবার এক সমাবেশে ঘোষণা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

জাতীয় রাজস্ব বোর্ড রোববারের মধ্যে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালে ধর্মঘটী সংগঠনসমূহ সিদ্ধান্ত নেয়, দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত রাখবে এবং   রোববার বেনাপোল কাস্টমস হাউজের সামনে ‘জনতার মঞ্চ’ প্রতিষ্ঠা করা হবে।

এদিকে কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, তারা আগামী ৮ আগস্ট ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোয়িশনের জরুরি সভা অনুষ্ঠিত হবে। এতে সারাদেশে কাস্টমস হাউজগুলোতে লাগাতার ধর্মঘট পালনের সিদ্ধান্ত হতে পারে।

গত ২৮ জুলাই থেকে ১২ দফা দাবিতে বেনাপোল বন্দর ব্যবহারকারি সাতটি সংগঠন অনির্দিষ্টকালের জন্যে এ ধর্মঘট আহ্বান করেছিল। ।

শনিবার ধর্মঘট আহ্বানকারি সাতটি সংগঠন মিছিল ও সমাবেশ করেছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি। সমাবেশে তিনি বলেন, ধর্মঘটীদের দাবি ন্যায়সঙ্গত। রাজস্ব বোর্ডের উচিৎ তাদের দাবি মেনে নেওয়া।

এদিকে দীর্ঘ ১৬ দিনেও স্থল বন্দর বেনাপোলের অচলাবস্থা নিরসন না হওয়ায় ভারতে ইলিশ রফতানি ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় ঘটেছে । দেশে বৃহত্তম ইলিশ মোকাম বরিশাল পোর্ট রোডে আটকা পড়েছে পাঁচ হাজার মণ ইলিশ । এর মধ্যে নষ্ট হয়ে গেছে তিন হাজার মণ। যার বর্তমান মূল্য প্রায় ১৮ কোটি টাকা। বর্তমানে ইলিশ রফতানি বন্ধ থাকায় চোরাই পথে তা পাচার হবার সম্ভাবনা রয়েছে।

কাচামালের উপর নির্ভরশীল গার্মেন্টসসহ শিল্প কলকারখানার উৎপাদন প্রয়োজনীয় কাচামালের অভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া চাল,পিয়াজ. ফলমূল, তরিতরকারি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি ব্যাহত হওয়ায় এসব দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে।