২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাক সবজি ও সয়াবিন তেলের দাম কমেছে, কমেনি চালের দাম

দেশব্যাপি ৪৮ ঘন্টা ধর্মঘটে খাবারের দোকান পাট বন্ধ ধাকায় শাক সবজি ও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির উর্ধ্ব গতি কিছুটা হলেও কমেছে। বাজারে শাকসবজি ও সয়াবিন তেলের দাম সামান্য কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

শুক্রবার ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন দ্রব্যের সরবরাহকারীদের বিক্রি কিছুটা হলেও কমেছে।

যদিও পাইকারি সব ধরনের চালের দাম গত সপ্তাহের তুলনায় মন প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। খুচরা বাজারে দাম বেড়েছে প্রতি কেজি এক টাকা থেকে তিন টাকা।

দাম কমার কারণ হিসেবে কাওরান বাজারের পাইকারি সবজি বিক্রেতা মোহাম্মদ হারুন বলেন, হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় আমাদের বিক্রি অর্ধেক কমেছে।

সবজির বাজারে দেখা গেছে, প্রতি কেজি শসার দাম ২০ টাকা থাকলেও গত সপ্তাহে এর দাম ছিল ২৪ টাকা।  গত সপ্তাহে প্রতি কেজি ঢেড়স ৩০ টাকা টাকা বিক্রি হলেও শুক্রবার ২৪ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। একই সময়ের তুলনায় আলুর দাম ১০ টাকা থেকে কমে নয় টাকায় দাঁড়িয়েছে।

আলুর পাইকারি বিক্রেতা জাহাঙ্গীর মোল্লা বলেন, প্রতিদিন আট ট্রাক আলু বিক্রি করলেও বৃহস্পতিবার বিক্রি হয়েছে মাত্র পাঁচ ট্রাক।

টমাটোর দাম প্রতি কেজি ৬০ টাকা থেকে কমে ৫৫ টাকায় দাঁড়িয়েছে। 

খুচরা বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি দুই টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি সয়াবিন ৫২ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ৫০ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে খুচরা ও পাইকারি চালের বাজারে মূল্য বৃদ্ধির উর্ধ্বগতি থামেনি।

কাওরান বাজারের পাইকারী বিক্রেতা জনপ্রিয় চাল এজেন্সির মালিক মোহাম্মদ লোকমান হাশেম বলেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। তাই চালের দামও বেড়েছে।

খুচরা বাজারে সরু চালের দাম গত সপ্তাহে প্রতি কেজি ২৪ থেকে ২৫ টাকা দরে বিক্রি হলেও এ সপ্তাহে ২৬ থেকে ২৭ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। নাজিরশাল প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকা বিক্রি হলেও গতসপ্তাহে এর দাম ছিল ২৬ টাকা। পাইজাম চালের দামও এ সপ্তাহে কেজি প্রতি এক টাকা বেড়েছে।