২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শ্রমিকদের পেশাগত নিরাপত্তা দেওয়াই শিল্প উদ্যোক্তাদের প্রধান দায়িত্ব’

শ্রমিকদের পেশাগত নিরাপত্তা প্রদান শিল্প উদ্যোক্তাদের অন্যতম প্রধান ব্যবসায়ীক দায়িত্ব। অথচ দেশের শিল্প মালিকরা এ দায়িত্ব পালনে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। উপরন্তু দুর্ঘটনায় নিহত গামের্ন্টস শ্রমিকদের এক লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান নীতি বিরোধী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সম্মিলিত শ্রমিক ফোরাম ও মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে ‘পেশাগত নিরাপত্তা ও কপোরেট দায়িত্ব’ শীর্ষক আলোচনায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত পরামর্শ সভায় বিভিন্ন শ্রেণীপেশার নেতারা এ কথা বলেন।

শ্রমিক নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরমার্শ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাঙ্গার প্রজেক্টের ড. বদিউল আলম মজুমদার। পরামর্শ সভায় বক্তব্য রাখেন আবুল হোসেইন, খুশী কবির, জাকির হোসেন, ড. সৈয়দ তারিকুজ্জামান, আলমগীর মজুমদার রেজিয়া খন্দকার প্রমুখ।

ড. বদিউল আলম মজুমদার বলেন, পেশাগত নিরাপত্তা বিষয়টি খুবই ব্যাপক। পেশাগত নিরাপত্তার মধ্যে রয়েছে শ্রমিকের স্বাস্থ্যগত, সামাজিক ও পরিবেশগত নিরাপত্তা।

তিনি বলেন, প্রতিষ্ঠানের অবহেলার কারণে শ্রমিক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের পরিমান নির্ধারণের বহুল ব্যবহৃত পদ্ধতি রয়েছে। এ ক্ষতিপূরণের ভিত্তি হলো সম্ভাব্য মৃত শ্রমিকের ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য। অথচ শিল্প মালিকরা এই নীতি অনুসরণ করছে না।

আলোচনায় বক্তারা বলেন, ব্যবসায়িক সামাজিক দায়িত্ব (সিআরএস) হিসেবে শ্রমিকদের নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুবিধাভোগীদের ওপর সমানভাবে বর্তাবে। তৈরি পোশক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) দুর্ঘটনায় নিহত গার্মেন্টস শ্রমিকদের জন্য এক লাখ টাকা দেয়। এই টাকা ক্ষতিপূরণের প্রকৃত নীতির সঙ্গে আদৌ সামঞ্জসপূর্ণ নয়। তাই মালিকদের পক্ষ থেকে বরাবরই যে এক লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়, তা অযৌক্তক।

তারা বলেন, শিল্প উদ্যোক্তারা বিষয়টি যথাযথভাবে অনুধাবন করতে না পারলে বিশ্ব বাজারে  কাঙ্খিত সাফল্য অর্জন করা সম্ভব নয়।

আয়োজনে জানানো হয়, গত দেড় দশকে পোশাক শিল্প কারখানাগুলোতে দুঘর্টনায় চার শতাধিক শ্রমিকের অকাল মৃত্যু ঘটেছে।