২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘদিন ইস্টার্ন প্লাজার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র অকেজো, ক্রেতাদের দুর্ভোগ

গত তিন মাস ধরে নগরীর নামকরা শপিং কমপ্লেক্স ইস্টার্ন প্লাজার কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো থাকায় শতশত ক্রেতাদের তীব্র গরম সহ্য করেই কেনাকাটা করতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বাবদ মালিক সমিতি প্লাজার ৪৮০টি দোকনের কাছ থেকে  মাসে ২০ লাখ টাকা আদায় করলেও  ক্রেতাদের এ দুর্ভোগ কমাতে তারা কোনও উদ্যোগ নেয়নি।

নব্বইর দশকের প্রথম দিকে নির্মিত ইস্টার্ন প্লাজা দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেট। পাঁচ তলাবিশিষ্ট এ মার্কেটটি নব্বইর দশকের শেষের দিকে ব্যাপক দর্শক টানতে সক্ষম হয়। তখন মোবাইল সেটের মার্কেট হিসেবেই এটি পরিচিতি পায়।

নাম প্রকাশ না করার শর্তে প্লাজার একটি দোকানের মালিক বলেন, ব্যবস্থাপনা বাবদ আমরা প্রতিমাসে চার হাজার টাকা দেই। তাছাড়া শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের জন্য উন্নয়ন ফি হিসেবে আরও দুই হাজার টাকা দেই।

অন্য এক দোকানের মালিক বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, নগরীতে যেহেতু আরও অনেক মার্কেট আছে, তাই এ অবস্থা চলতে থাকলে তারা অন্য মার্কেটের প্রতি ঝুঁকে যেতে পারে।

বুধবার রাতে ইস্টার্ন প্লাজায় মোবাইল সেট কিনতে এসে সালাহউদ্দিন আহমেদ নামের এক ক্রেতা প্রচণ্ড গরমে অতিষ্ঠ্য হয়ে  কর্তৃপক্ষে কাছে এ ব্যাপারে অভিযোগও করেন।

দোকানের মালিকরা এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে চান না। এর কারণ হিসেবে জানা যায়, একটি প্রভাবশালী মহল মার্কেটটি পরিচালনা করছেন । তারা দোকানগুলোর কাছ থেকে তোলা লাখ লাখ টাকা আত্মসাত করছে বলে অভিযোগ রয়েছে।

একটি দোকানের মালিক জানান, মাকের্টের ব্যবস্থাপনা ও উন্নয়ন বাবদ তারা কর্তৃপক্ষকে মাসে ছয় হাজার টাকা দিয়ে থাকেন। কিন্তু সে অনুযায়ী তারা সেবা পাচ্ছেন না।

ইস্টার্ন প্লাজা মালিক সমিতির সভাপতি মুশফিকুর রহমান খান হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এজন্য সময় লাগবে। রমজানের আগে এ সমস্যার সমাধান করতে পারব বলে আমরা আশা করছি।

তবে দোকানের মালিকদের কাছ থেকে সংগৃহীত অর্থ আত্মসাত করার অভিযোগ তিনি অস্বীকার করেন।