২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সটাইল ফ্যাক্টরিগুলোর পরিবেশগত দায়বদ্ধতা নিশ্চিতকরণে জাতীয় কমিটি

টেক্সটাইল ফ্যাক্টরিগুলোর পরিবেশগত দায়বদ্ধতা নিশ্চিতকরণে জাতীয় কমিটি গঠনে সম্মত হয়েছে পরিবেশ মন্ত্রণালয়। বস্ত্র উৎপাদন ও রপ্তানীকারক সমিতি (বিটিএমইএ) দেশের বিভিন্ন টেক্সটাইল ফ্যাক্টরিতে পরিবেশ মন্ত্রণালয়ের পরিদর্শনের ওপর টিভি কাভারেজের ব্যাপারে আপত্তি জানালে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বিদেশী ক্রেতাদের কাছে দেশের ফ্যাক্টরিগুলোকে নেতিবাচকভাবে উপস্থাপিত করা হচ্ছে বলে পরিদর্শন টিমের টিভি কাভারেজ বন্ধ করার ব্যাপারেও মন্ত্রণালয় সম্মত হয়।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এর নেতৃত্বে  জাতীয় এ কমিটিতে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং টেরি টাওয়েল রপ্তানিকারক সমিতির প্রতিনিধি এবং পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্পৃক্ত থাকবেন।

কমিটি বিভিন্ন পর্যায়ে দেশের সকল টেক্সটাইল ফ্যাক্টরির স্থাপনা এবং কারখানার বর্জ্য ট্রিটমেন্ট পরিকল্পনা (ইটিপি) নিশ্চিত করতে কাজ করবেন। কমিটি তাদের কার্যক্রম এবং নীতিমালা শিগগিরই নির্ধারন করবে। দায়বদ্ধতা ইস্যু নিশ্চিতকরণে এটি হচ্ছে দ্বিতীয় জতীয় কমিটি।

এর আগে বিদেশী ক্রেতাদের চাপের মুখে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠন করা হয়।

পরিবেশ মন্ত্রণালয়ে বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলামের সাথে বৈঠককালে বিজিএমইএ এবং বিকেএমইএ’র আবেদনের প্রেক্ষিতে  জাতীয় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠন দুটির নেতৃবৃন্দ টিভি কাভারেজ বন্ধের জন্য মন্ত্রিকে অনুরোধ জানান।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার উল চৌধুরী পারভেজ বলেন, আমরা ইতোমধ্যে সামাজিক দায়বদ্ধতা প্রশ্নে ক্রেতাদের চাপের মুখে রয়েছি। পরিবেশ মন্ত্রণালয়ের পরিদর্শনের সময় টিভি কাভারেজের অনুমতি দেয়াটা আমাদের জন্য অনেকটা মরার ওপর খাড়ার ঘাঁ এর মত।

বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বলেন, টেলিভিশনে নেতিবাচক উপস্থাপনা সত্ত্বেও গঠিত জাতীয় কমিটি আরো বেশি সক্রিয় হবে।

গত ২৮ জুলাই থেকে ২ আগষ্ট পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পাঁচটি টিম দেশের ৯০ টি ফ্যক্টরী পরিদর্শন করে। পরিবেশ আইন লংঘন করার দায়ে তারা রাজধানীর ভেতর ও বাইরের ৬৮ টি ফ্যাক্টরির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বেশিরভাগ ফ্যাক্টরিই ইটিপি বা প্রয়োজনীয় ট্রিটমেন্ট প্লান্ট ব্যবহার না করেই বাতাস ও পানি দুষিত করছে। পরিদর্শক দলগুলো তাদের পরিদর্শনে দেখেছে যে, কিছু ফ্যাক্টরির ইটিপি থাকা সত্ত্বেও বিদ্যুত বাঁচনোর জন্য তা ব্যবহার করছে না।

পরিবেশ মন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় থেকে আপনাদের কাছে অনেক চিঠি পাঠানো হয়েছিল কিন্তু আপনারা তা পাত্তা দেননি। এখন টিভিতে প্রচারিত হওয়ায় আপনারা এখানে আমার সাথে কথা বলতে এসেছেন। পরিবেশ দুষনের ব্যাপারে আপনাদের আরো সচেতন হওয়া উচিত’।

বৈঠকে অন্যান্যের মধ্যে বিজিএমইএ পরিচালক টিপু মুন্সি, ফজলুল হক এবং বিকেএমই পরিচালক ড. ইউসুফ উপস্থিত ছিলেন। পরিবেশ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।