ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাশের দাবি
ভোক্তা অধিকার সংরক্ষণ খসড়া আইন ১৯৯৮ সালে প্রণীত হলেও আজ পর্যন্ত এ আইন পাশ করা হয়নি। সংশোধনীসহ খসড়াটি ইতোমধ্যে কেবিনেট সচিবালয়ে পাঠানোর পরও আইনটি আলোর মুখ দেখছে না।
ঢাকা চেম্বারের উদ্যোগে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ’ শীর্ষক গোল টেবিল বৈঠকে মঙ্গলবার আলোচকরা জরুরি ভিত্তিতে এ আইন পাশের দাবি জানান।
ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) ভারপাপ্ত সভাপতি মনজুর-উর-রহমানের সভাপতিত্বে গোল টেবিল আলোচনায় বক্তব্য রাখেন স্বরাস্ট্র সচিব সফর রাজ হোসেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান, ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী পরিচালক মো. সফিউদ্দিন আহমেদ, আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচ্যাম) সভাপতি আফতাবুল ইসলাম প্রমুখ।
মনজুর-উর-রহমান অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আইন পাশের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণে পৃথক আদালত গঠনের আহবান জানান।
তিনি আরও বলেন, সর্বোচ্চ তিন মাসের মধ্যে যে কোনো মামলার নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।
সফর রাজ হোসেন বলেন, বিচার করে শাস্তি দেওয়া ভোক্তা অধিকার আইনের লক্ষ্য হতে পারে না। আমাদের জ্ঞানের অভাবের কারণে কেমিক্যাল রং ব্যবহৃত খাদ্য গ্রহণ করছি।
তিনি বলেন, ওষুধ রপ্তানির সম্ভবনাকে নিশ্চিত করার জন্যে দেশে ভেজাল ওষুধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
মো. শফিকুর রহমান বলেন, বিএসটিআই-এ সাত কোটি টাকার যন্ত্রপাতি ক্রয় করা হচ্ছে। এবং সরকার ১৭৬টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ফলে অতি সত্বর সংস্থাটি আরও সক্ষমতা অর্জন করতে যাচ্ছে।
সফিউদ্দিন আহমেদ বলেন, ঢাকা সিটি করপোরেশনের ২০ জন স্যানেটারি পরিদর্শক ও তিনজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নমুনা সংগ্রহ করে। এসব নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করে ভেজাল পেলে আমরা মামলা করি।
তিনি বলেন, মামলা ও শাস্তি প্রদানের মধ্যে সময়ের পার্থক্য কমানোর জন্যে মোবাইল কোর্টের প্রয়োজন।
আবার ব্যবসায়ীরা যেন অযথা হয়রানির শিকার না হয় তিনি সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান।
