ভ্যাট নিয়ে আগাম তথ্য দেয়ার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে শিপিং এজেন্টরা
আমদানি ও রফতানি পণ্যের সেবাখাতের ওপর ভ্যাট প্রযোজ্য কিনা এ সংক্রান্ত আগাম তথ্য দেয়ার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে শিপিং এজেন্টরা।
বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন (বিএসএ) সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি আমদানি করা পণ্যের জন্য সেবাখাতের ওপর ভ্যাট প্রযোজ্য কিনা তার তথ্য প্রদানের দায়িত্ব শিপিং এজেন্টদের ওপর অর্পণ করে। এর ফলে পণ্যের আমদানিকারক বিশেষ করে রফতানিমুখী তৈরি পোশাক খাতের আমদানিকারকদের সাথে শিপিং এজেন্টদের ভুল বোঝাবুঝির সুষ্টি হচ্ছে। এছাড়া কন্টেইনারযোগে মিশ্র রফতানি পণ্য ভ্যাট আদায় যোগ্য কিনা তা নিরুপণ করা যথেষ্ট দুরুহ। এ প্রসঙ্গে বিএসএ সভাপতি ড. পারভেজ সাজ্জাদ আক্তার বিডিনিউজকে বলেন, আমদানিকৃত পণ্য ভ্যাট আদায় যোগ্য কিনা তা ‘বিল অব এন্ট্রি’ হাতে পাওয়ার আগে জানা যায় না।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, বন্দর দিয়ে আমদানি ও রফতানি পণ্যের জন্য বন্দর সেবা খাতের ওপর পণ্যভিত্তিক সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ভ্যাট প্রযোজ্য। তবে রফতানি পণ্য, রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য আমদানি পণ্যের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।
বন্দর সূত্র জানায়, রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের নামে পণ্য আমদানি দেখিয়ে আমদানিকারকদের মধ্যে ভ্যাট ফাঁকি দেওয়ার প্রবণতা দেখা দেওয়ায় শিপিং এজেন্টদের ওপর এ দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া বন্দর সেবাখাতের ওপর ভ্যাট সংক্রান্ত নীতিমালায় কিছুটা অস্পষ্টতা থাকায় এ ব্যাপারে জটিলতা দেখা দেয় বলে বন্দর সূত্র জানিয়েছে।
আমদানি ও রফতানি পণ্যের ভ্যাট প্রযোজ্য কিনা তার আগাম তথ্য প্রদানের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিএসএ গত ২৮ জুলাই বন্দর কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
বন্দরের একটি সূত্র জানিয়েছে, সেবাখাতের ওপর ভ্যাটের বিষয়টি সম্পর্কে রাজস্ববোর্ডের সংশ্লিষ্ট বিভাগ এলটিইউয়ের কাছে পরিপূর্ণ ব্যাখ্যা চাওয়া হবে।
