২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকের সভায় পদ্মা বা মেঘনা থেকে রাজধানীতে পানি সরবরাহ প্রকল্প অনুমোদিত

রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে সরকার ২৮৫ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এই প্রকল্পের আওতায় ২০০৮ সাল নাগাদ মেঘনা অথবা পদ্মা নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে নগরীতে পানি সরবরাহ করা হবে।

শনিবার অনুষ্ঠিত ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল (একনেক) এর নির্বাহী পরিষদের সভায় এ ব্যয় অনুমোদিত হয়। সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা উপলব্ধি করেছি যে ভূগর্ভস্থ পানির চাইতে ভূপৃষ্ঠস্থ’ পানির ওপর-ই আমাদের নির্ভর করতে হবে।

তিনি এর কারণ ব্যাখ্যা করে জানান, পরিবেশে ভারসাম্যহীনতার জন্য ভূগর্ভস্থ পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে।

পদ্মা ও মেঘনার মত নদীসমূহের ভূ-পৃষ্ঠস্থ বিপুল জলরাশি পানীয় জল সমস্যার সমাধানে কিরূপ কাজে আসতে পারে, এ নিয়ে ইতোমধ্যে দু’টি গবেষণা সম্বপন্ন হয়েছে বলেও অর্থমন্ত্রী জানান।

আর্সেনিক ভয়াবহতা যা বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে একটি বড় বিপর্যয়, এর মূল কারণ হচ্ছে ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত ব্যবহার ।

অর্থমন্ত্রী সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় পানি সরবরাহ প্রকল্পসহ মোট এক হাজার সাত শত ১৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদিত হয়।

সূত্র জানায়, এর মধ্যে তিন শত কোটি টাকার প্রকল্প সহায়তা দিবে ইউনিসেফ, আইডিবি, ডেনিডা ও চীন এবং বাকি এক হাজার চার শত ১৩ কোটি টাকা সরকারের নিজস্ব উৎস থেকে সংগ্রহ করা হবে।

একনেক এর এ সভায় অনুমোদিত প্রকল্প ব্যয়ের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে রেললাইন পুনর্স্থাপন ও উন্নয়ন প্রকল্পে পাঁচ শত ৩৭ কোটি টাকা, সিলেট বিভাগে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে দুই শত ৫০ কোটি টাকা এবং ঢাকা-জয়দেবপুর রেলপথের বর্তমান মিটার গজ ডুয়াল গজে রূপান্তরকরণ প্রকল্পে তিন শত ১৭ কোটি টাকা রয়েছে।