২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে গেল টেলিটক লটারির ড্র

ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে টেলিটক মোবাইলের জন্য আবেদনকারীদের মধ্য থেকে ভাগ্যবান গ্রাহকের খোঁজে শুক্রবার লটারি অনুষ্ঠানের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্তৃপক্ষ ৮,০৮,০০০ আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠানের পরবর্তী তারিখ এখনও নির্ধারণ করেনি। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে লটারির ড্র অনুষ্ঠিত হতে পারে।

টেলিটকের মহাব্যবস্থাপক আমিনুল হাসান শুক্রবার বিডিনিউজকে বলেন, এবারের লটারির মাধ্যমে ১,৪০,০০০ আবেদনকারীর মধ্যে টেলিটক সিম বিতরণ করা হবে।

লটরির ড্র পিছিয়ে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, আবেদনগুলো যাচাই বাছাই চলছে এবং কোন কোন এলাকা থেকে সবচেয়ে কম আবেদন পড়েছে কর্তৃপক্ষ তাও যাচাই করে দেখছে।

তিনি বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চলের জন্য কোটা পদ্ধতি চালুর চিন্তা ভাবনা করছি। এজন্য পুরো কাজ সম্পন্ন করতে আরও কিছুদিন সময় লাগবে।

টেলিটক কর্তৃপক্ষ ১২ থেকে ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে সারাদেশে টেলিটক মোবাইলের জন্য আবেদন করার সুযোগ দেয়।

বিজয়ীদের অনুমোদিত ব্যাংকের স্থানীয় বুথ থেকে সিম সংগ্রহ করতে হবে বলে টেলিটক কর্মকর্তাদের অনেকে জানান।

এর আগে দুই পর্যায়ের ঢাকা জোনের জন্য চার লাখ ৩৩ হাজার চারশ ৬১ জন আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৭০ হাজার ভাগ্যবান গ্রাহক নির্বাচিত করা হয়।

এদিকে সকল বেসরকারি মোবাইল কোম্পানির সঙ্গে টেলিটকের আন্তঃসংযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই মোবাইল গ্রাহকরা এ সুবিধা ভোগ করবেন বলে টেলিটকের ওই কর্মকর্তারা জানান।