পাট ও নীট ওয়্যার রপ্তানি বৃদ্ধি পেলেও হ্রাস পেয়েছে চা ও চামড়া রপ্তানি
পাট ও নীট ওয়্যার রপ্তানি বৃদ্ধি পেলেও হ্রাস পেয়েছে চা ও চামড়া রপ্তানি। তাছাড়া বিগত অর্থবছরে সার্বিক রপ্তানি আয় বৃদ্ধি পেলেও প্রধান ১০টি রপ্তানি পণ্যের মধ্যে পাঁচটি পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) সূত্র জানায়, বিগত (২০০৪-২০০৫) অর্থবছরে কাঁচা পাট, পাটজাত পণ্য, হস্তশিল্পজাত দ্রব্য নীট ওয়্যার ও রাসায়ণিক দ্রব্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে।
পক্ষান্তরে চা, চামড়া, হিমায়িত খাদ্য ও বিভিন্ন শিল্পজাত পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
এছাড়াও এসব পণ্যের রপ্তানি আগের (২০০৩-২০০৪) বছরের তুলনায় হ্রাসও পেয়েছে আশংকাজনক হারে।
এ প্রসঙ্গে ইপিবি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মঞ্জুর-ই-এলাহী বিডিনিউজকে জানান, দেশে চা ও চামড়ার উৎপাদন কমে গেছে। আন্তর্জাতিক বাজারে হিমায়িত খাদ্যের মূল্য কমে যাওয়ায় আমাদের রপ্তানিকারকরা এখন অসম প্রতিযোগিতার সম্মুখীন।
পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি পেলেও পাট থেকে খুব বেশি কিছু আশা করার নেই বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, বিগত ২০০৪-২০০৫ অর্থবছরে বন্দর দিয়ে ১৩ দশমিক ৭১ মিলিয়ন টন কাঁচা পাট ও ২৫ দশমিক ৩৮ মিলিয়ন টন পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। ২০০৩-২০০৪ অর্থবছরে এই রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১১ দশমিক ৪৩ মিলিয়ন টন ও ১৮ দশমিক ০২ মিলিয়ন টন।
বিগত বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে দুই দশমিক ১৯ মিলিয়ন টন। আগের বছরে এর পরিমাণ ছিল তিন দশমিক ২৪ মিলিয়ন টন।
গত বছরে চা রপ্তানি হয়েছে দুই দশমিক চার মিলিয়ন টন এবং আগের বছরে এর পরিমাণ ছিল দুই দশমিক ৭৮ মিলিয়ন টন।
পূর্ববর্তী বছরের তুলনায় গত অর্থবছরে হিমায়িত খাদ্য রপ্তানি পরিমাণগতভাবে বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পাওয়ায় এ খাতে প্রকৃত আয় লক্ষ্যমাত্রার চেয়ে এক শতাংশ কম হয়েছে।
ইপিবি সূত্র জানায়, ২০০৪-২০০৫ অর্থবছরের ১১ মাসের (জুলাই) হিসাবে দেখা গেছে, পাট ৩২ দশমিক ৩৭ শতাংশ, পাটজাত পণ্য ১৭ দশমিক ৫৩ শতাংশ, নীট ওয়্যার ৩৪ দশমিক ৪৬ শতাংশ এবং রাসায়নিক দ্রব্য ৭১ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পক্ষান্তরে চা ১০ দশমিক ৩৭ শতাংশ, চামড়া ১৫ দশমিক ৮৮ শতাংশ, ওভেন পোষাক শূণ্য দশমিক ২৩ শতাংশ হ্রাস পেয়েছে।
এছাড়া অন্যান্য শিল্পজাত পণ্যের রপ্তানি হ্রাস পেয়েছে বলে ইপিবি সূত্র উল্লেখ করে।
২০০৪-২০০৫ অর্থবছরের প্রথম ১১ মাসের হিসাবে রপ্তানি লক্ষ্যমাত্রা অতিক্রম সক্ষম হয়েছে। এই ১১ মাসের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৫৮৭৫ দশমিক ৬৫ কোটি টাকা। এই সময়ে আয় হয়েছে ৪৭৬৯৬ দশমিক নয় কোটি টাকা।
ইপিবি’র হিসাব অনুযায়ী রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ৭৪ শতাংশ। সূচক বৃদ্ধি পেয়েছে শূণ্য দশমিক ৮২ শতাংশ।
বিগত অর্থবছরে যথারীতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশী পণ্যের সর্বোচ্চ ২৭ দশমিক ৮৩ শতাংশের ক্রেতা। এরপরের অবস্থান জার্মানির। তারা ১৫ দশমিক ৬৭ শতাংশের ক্রেতা। যুক্তরাজ্য বাংলাদেশী পণ্যের তৃতীয় বৃহত্তম ক্রেতা।
এছাড়াও বাংলাদেশী পণ্যের উল্লেখযোগ্য ক্রেতা হচ্ছে ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড, ইরান, ভারত, চীন ও পাকিস্তান।
