আবু হানিফ খান প্রিমিয়ার ব্যাংকের নয়া এমডি
বিশিষ্ট ব্যাংকার আবু হানিফ খান প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্বে তিনি মার্কেন্টাইল ব্যাংকের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
জনাব খান ১৯৬৫ সালে তৎকালীন ইস্টার্ন ব্যাংকিং করপোরেশনে (বর্তমান উত্তরা ব্যাংক লিমিটেড) যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ১৯৮২ সাল পর্যন্ত তিনি সেখানে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন। একই বছর তিনি আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে যোগদান করেন। পরবর্তীকালে তিনি আরব বাংলাদেশ ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
আবু হানিফ খান কমনওয়েলথ কনফারেন্স (ইউকে), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (প্যারিস), ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডিস্ট্রিবিউটর আ্যান্ড মার্কেটিং (জাকার্তা) সহ দেশে বিদেশে অসংখ্য প্রশিক্ষণ ও সেমিনারে যোগ দেন। ব্যাংকিং ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য তিনি ব্যাংকের নিয়োগদাতা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে অসংখ্য পুরস্কারে ভূষিত হন। ২০০৩ সালে তিনি ‘বছরের সেরা ব্যাংকার’ হিসেবে ইন্ডাস্ট্রি পদক লাভ করেন। সেরা ব্যাংকার হিসেবে তিনি ২০০২ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন স্বর্ণপদক এবং বছরের সেরা ব্যাংকার হিসেবে ১৯৯৯ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রিসার্চ ইনস্টিটিউট অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা লাভ করেন। আবু হানিফ খান মানিকগঞ্জ জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
