২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্রাতিরিক্ত এলসি খোলায় বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে

পণ্য আমদানিতে গত ২০০৪-০৫ অর্থবছরে ১৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রেকর্ড পরিমান এলসি খোলা হয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রা বাজারে টাকার বিপরীতে ডলারের মূল্য অনেক বেড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

২০০৪ সালের জুলাই থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত অনুমোদিত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে খোলা মোট এলসির মূল্য ২০০৩ এর জুলাই থেকে ২০০৪ এর জুন পর্যন্ত খোলা এলসি’র চেয়ে ১৩ দশমিক ৪৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০০৫ অর্থবছরে অনুমোদিত ব্যাংকগুলো ১৪ দশমিক ০৬৮ বিলিয়ন ডলার মূল্যের এলসি খোলে। অন্যদিকে ২০০৪ অর্থবছরে ১২ দশমিক ৩৯৭ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়।

মুদ্রা বাজারে বুধবার টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যমান ছিল ৬৬ দশমিক ৯৫ যা রেকর্ড পরিমান বেশি। গত দুই সপ্তাহ ধরে ডলারে মূল্য বেড়েই চলেছে। বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বিডিনিউজকে বলেন, উচ্চ আমদানি বিশেষত বিলাসদ্রব্য আমদানির কারণে ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

এদিকে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিলাসদ্রব্য আমদানির জন্য এলসি না খোলার পরামর্শ দিয়েছে। তবে বেশিরভাগ আমদানিকারক এ পরামর্শ উপেক্ষা করেছে।