এবিবি বুধবার ডলার সংকট নিয়ে আলোচনায় বসবে
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ডলার সংকটের কারণে সৃষ্ট আমদানী বিল সংক্রান্ত অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট সকলকে নিয়ে বুধবার এক আলোচনায় বসবে।
এবিবি সভাপতি এম মনিরুজ্জামান বিডিনিউজকে জানান, বৈদেশিক মুদ্রা বাজারের বর্তমান বিস্ফোরণোন্মুখ অবস্থা নিয়ন্ত্রণের পথ বের করতে এবং সংশ্লিষ্ট সবাই যাতে এর সাথে তাল মিলিয়ে চলতে পারে, সে জন্যে আমরা আলোচনায় বসবো।
তিনি আরও বলেন, যদি ব্যাংকগুলো এলসি পাওনা যথাসময়ে পরিশোধ করতে ব্যর্থ হয় তবে টাকার মান পড়ে যাবে।
আগে খোলা এলসিগুলোর পাওনা কিভাবে যথাসময়ে পরিশোধ করা যায়, এবিবি সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করবে বলে তিনি জানান।
এ গুলোর মাধ্যমেই ডলার সংকটের সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বর্তমান সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের সাহায্য প্রার্থনা করা হবে জানিয়ে এবিবি সভাপতি আরও বলেন, তবে সবার আগে বেসরকারী ব্যাংকগুলোকে ঐক্যমতে পৌঁছাতে হবে।
