ইন্দো-বাংলা ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাজার প্রবেশাধিকার ইস্যু নিয়ে আলোচনা হবে
আগামী সপ্তাহে ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিতব্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ ভারতের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং সকল শুল্ক বহির্ভূত বাধা অপসারণের ইস্যু উত্থাপন করবে। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা একথা জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বিডিনিউজকে বলেন, দেশের বাজার ভারতীয় পণ্যে সয়লাব হয়ে গেছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। ভারত থেকে পণ্য আমদানির পরিমাণ যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে ভারতে বাংলাদেশী পণ্য রপ্তানীর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না।
দীর্ঘ ১৬ মাস পর আগামী মাসের ১ থেকে ২ তারিখ ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগের বৈঠক দুটি যথাক্রমে ২০০৩ সালের অক্টোবরে ঢাকায় এবং ২০০৪ সালের মার্চ মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের অবস্থান কি হবে তা নির্ধারণ করতে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করবেন।
শুল্ক কমিশনে কর্মরত বাংলাদেশী নেগোশিয়েটর বিডিনিউজকে বলেন, বাংলাদেশী গার্মেন্ট পণ্য ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার না পেলে বাণিজ্য ঘাটতি (এক মিলিয়নেরও বেশি) কমানো যাবে না।
তিনি বলেন,শুল্ক বহির্ভূত বাধা আরোপের কারণে ভারতে বাংলাদেশের জামদানি শাড়ি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। রপ্তানি পণ্য ভারতের বন্দরে প্রবেশের সময় ২৫ শতাংশ পণ্যের পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সীমান্ত এলাকায় কোনও পরীক্ষাগার না থাকায় এটা সম্ভব নয়।
সাম্প্রতিক সময়ে ভারতীয় পশুপালন আইনে কারণে ইলিশ রপ্তানিও বাধাগ্রস্ত হয়েছে। এই আইনে ভারত শুধুমাত্র চারটি বন্দরের মধ্য দিয়েই পশুসম্পদ আমদানির অনুমতি দিয়েছে। বন্দরগুলো হলো কলকাতা, মুম্বাই, দিল্লি এবং চেন্নাই।
শুল্ক কমিশনের এক কর্মকর্তা জানান, সাধারণভাবে বাংলাদেশ তার সুবিধার জন্য বিভিন্ন বন্দরের মাধ্যমে ভারতে ইলিশ রপ্তানি করতে চাইবে। কিন্তু ভারত বাংলাদেশকে বেনাপোল ছাড়া কোনও স্থল বন্দর দিয়ে ইলিশ রপ্তানির অনুমতি দেয়নি।
তিনি বলেন,এছাড়াও ভারতীয় বন্দরে প্রবেশে সময় ওয়্যার হাউজের অভাব, অতিরিক্ত পরীক্ষা, লেবেলিং সমস্যা এভং পরিবহণসহ বিভিন্ন সমস্যার কারণে ভারতের বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।
ওই কর্মকর্তা আরও বলেন, শুভ সংবাদ হলো আগামী তিন বছরের মধ্যে ভারতের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার ব্যাপারে দেশটি সম্মত হয়েছে। এছাড়াও ভারত আগামী তিন মাসের মধ্যে শুল্ক বহির্ভূত বাধার তালিকা প্রস্তুতের ব্যাপারেও সম্মত হয়েছে।
আসন্ন ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশী প্রতিনিধিদল বাণিজ্য ঘাটতি হ্রাস করতে ২৫ টি খাতে ১’শরও বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান, বৈঠকে অন্যান্য ইস্যুর মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হবে।
